টলিউডের শোকের আবহে এবার মুখ খুললেন ক্রিকেট জগতের অন্যতম পরিচিত মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু তাঁকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। শোক প্রকাশের পাশাপাশি তিনি তুলে ধরলেন জীবনের ঝুঁকি নেওয়া নিয়ে নিজের অবস্থান।
সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, এই খবর অত্যন্ত মর্মান্তিক। রাহুল তাঁর খুব কাছের মানুষ ছিলেন বলেও জানান তিনি। ‘দাদাগিরি’ শোয়ের সূত্রে বহুবার তাঁদের দেখা হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল।
সৌরভের কথায়, “খুবই খারাপ খবর। আমি ওঁর শেষ কাজে যাব। রাহুল আমার খুবই কাছের ছিল। শুটিংয়ের কাজেই হোক, কেন যে জলে নামতে গিয়েছিল, জানি না।”
এই প্রসঙ্গেই তিনি জীবনের ঝুঁকি নেওয়া নিয়ে সতর্কবার্তা দেন। তাঁর মতে, স্কুবা ডাইভিং, স্কিইং বা প্যারাগ্লাইডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে তিনি নিজে দূরে থাকতেই পছন্দ করেন। “যে কাজই হোক, জীবন নিয়ে ঝুঁকি নেওয়া কখনওই উচিত নয়”—এই মন্তব্যেই তাঁর আক্ষেপ স্পষ্ট হয়ে ওঠে।
রাহুলের সঙ্গে তাঁর বহু স্মৃতির কথাও উল্লেখ করেন সৌরভ। শুধু রিয়্যালিটি শো-তেই নয়, ব্যক্তিগত জীবনেও তাঁদের যোগাযোগ ছিল বলেই জানান তিনি। হঠাৎ এই চলে যাওয়া তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।
উল্লেখ্য, রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। ৪৩ বছর বয়সে এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড।
সোমবার কলকাতায় নিয়ে আসা হয় তাঁর দেহ। পরিবারের ইচ্ছা অনুযায়ী, কোনও আড়ম্বর ছাড়াই সরাসরি কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।



