‘১৩ বছরের দাম্পত্য ভাঙছে?’ স্টুডিয়োপাড়ায় গুঞ্জন নিয়ে সরব সৌমিলি

দাম্পত্য ভাঙার গুঞ্জন উড়িয়ে দিলেন সৌমিলি বিশ্বাস। ‘পরিণীতা’ ধারাবাহিকের প্রভাবেই এই রটনা ছড়িয়েছে বলে মনে করছেন অভিনেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্টুডিয়োপাড়ায় হঠাৎ ছড়িয়ে পড়া এক গুঞ্জন নিয়ে সরব হলেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাস। খবর ছড়িয়েছিল, প্রায় ১৩ বছরের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। তবে নিজেই সেই জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেত্রী। স্পষ্ট জানালেন, তাঁর বিবাহিত জীবনে কোনও সমস্যাই নেই—সবটাই গুজব।

Soumili Biswas বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে অভিনয় করছেন। কাকতালীয় ভাবে ছোটপর্দার গল্পেও চলছে বিয়ের ট্র্যাক। অনেকের ধারণা, সেই প্রভাবেই বাস্তব জীবন নিয়ে এই ধরনের গুঞ্জন ছড়িয়েছে।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সত্যিই জানি না, এই রটনা কোথা থেকে এল। আমি আর আমার স্বামী তো উল্টে মজাই পাচ্ছি। হয়তো ধারাবাহিকের গল্প দেখেই মানুষ বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলছেন।”

সৌমিলি জানান, এর আগে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাঁকে। গুজবের কথা প্রথমে তাঁর স্বামীই তাঁকে জানান। অভিনেত্রীর কথায়, “আমি তো খেয়ালই করিনি। আমার স্বামীই বলল, রটেছে ১৩ বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে! আগে শ্বশুর-শাশুড়ি এমন খবর দেখে মজা পেতেন, এখন আমার স্বামীও পাচ্ছেন। কিন্তু সবটাই রটনা, এমন কিছুই হচ্ছে না।”

এদিকে, ব্যক্তিগত কাজের সূত্রে আগামী ১ মার্চ আমেরিকা যাচ্ছেন সৌমিলি। প্রায় এক মাস সেখানেই থাকবেন। তবে ধারাবাহিক থেকে তিনি সরে যাচ্ছেন না। ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। সাময়িকভাবে গল্পের মোড় অন্য দিকে ঘুরতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর