SIR নোটিসে দেবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র হুঙ্কার মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে বাংলায় SIR বিতর্কে নতুন বিস্ফোরণ। সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্টজনদের SIR শুনানির নোটিস ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। হাজরার প্রতিবাদ সভামঞ্চে ঘাটালের তারকা সাংসদ দেব-এর পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন—যাঁরা দশকের পর দশক বাংলার সংস্কৃতির মুখ, তাঁদেরও যদি নোটিস দেওয়া হয়, তবে সাধারণ মানুষের কী অবস্থা?

বৃহস্পতিবার ইডি-র তল্লাশি ও শুক্রবার যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের পর সভামঞ্চ থেকেই মমতা বলেন, “অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে—কত দশক ধরে সিনেমা করছে, তিন বারের এমপি—তাকেও ডেকেছে! ছিঃ, লজ্জা।” দেবের দিকে ইঙ্গিত করে তাঁর কণ্ঠে ক্ষোভ আরও চড়া হয়।

- Advertisement -

প্রসঙ্গত, দেবের অভিনয়জীবন শুরু ২০০৬ সালে। ‘আই লাভ ইউ’ ছবির পর থেকেই বক্স অফিস ও দর্শকমনে তাঁর জায়গা পাকাপোক্ত। ২০১৪ সালে রাজনীতিতে পা রেখে ঘাটাল থেকে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। সেই জনপ্রিয় ‘ঘরের ছেলে’ দেবকেই SIR নোটিস—এই বিষয়টিকেই ‘বাঙালিবিরোধী মানসিকতা’ বলে ব্যাখ্যা করছে তৃণমূল।

সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি দেব এবং ২০ জানুয়ারি মহম্মদ শামি কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে SIR শুনানিতে হাজির হতে পারেন। এই তালিকা সামনে আসতেই মমতার কটাক্ষ—“চূড়ান্ত তালিকা বেরোলে কী হবে কেউ জানে না। মহিলা বাদ, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কী হবে জানি না।”

বিজেপির উদ্দেশে মমতার তীব্র বার্তা, “ভোটের সময় এলে নাড়ু বানিয়ে রাখব—তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, মুড়ির নাড়ু। আর বাংলার মা-বোনেরা রাখবেন ঝাড়ু। ঝাঁটা মারতে হবে।” সভামঞ্চ থেকেই তিনি কার্যত নির্বাচনী হুঁশিয়ারি দিয়ে দেন।

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে ফের ‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ করে মমতার অভিযোগ, “১.৫ কোটি ভোট কাটার ক্ষমতা নিয়ে এসেছেন। সবার নাম কেটে বিজেপিকে জেতাতে চাইছেন।”

- Advertisement -

২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর হুঁশিয়ারি স্পষ্ট—“ছাব্বিশে আমাদের নয়, তোমাদের পতন হবে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না।” SIR বিতর্কে দেবকে সামনে রেখে এই ভাষণ যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করল, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর