ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নতুন জটিলতা। বাংলার চার জেলায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি শেষ না হওয়ায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে। মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা ও কার্শিয়েং—এই চার জায়গায় কাজ অনেকটাই বাকি বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফলে নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসকেরা মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন, শুনানির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই এলাকাগুলিতে শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে।


এদিকে, শুনানির নোটিস পাওয়ার পরও প্রায় ৫ লক্ষ ভোটার প্রক্রিয়ায় অংশ নেননি বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ফলে তাঁদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আগে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তার সঙ্গে এই ৫ লক্ষ যোগ হলে মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৬৩ লক্ষে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জল্পনা রয়েছে।
তথ্যে অসঙ্গতি ও ‘আনম্যাপড’ মিলিয়ে মোট ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জনকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১ কোটি ৩০ লক্ষ শুনানি সম্পন্ন হয়েছে। এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি।
কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও প্রায় ৭২ লক্ষের তথ্য যাচাই বাকি। হাতে সময় খুব কম থাকায় নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা কঠিন বলেই মনে করা হচ্ছে।


বিশেষ করে কার্শিয়েং-সহ কিছু বিধানসভা কেন্দ্রে শুনানির গতি ধীর হওয়ায় সেখানে অতিরিক্ত কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের শীর্ষকর্তাদের মতে, সময়মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়ানো ছাড়া উপায় থাকবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নাও হতে পারে।








