নজরবন্দি ব্যুরো: কর্ণাটকে বিপুল ভোট নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। নানা জলঘোলার পর দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে দলের প্রবীণ নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার পেয়েছেন উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব। এবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাবেন তাঁরা। মূলত মন্ত্রিসভার সম্প্রসারণ এবং বর্তমান মন্ত্রীদের পোর্টফোলিও বরাদ্দ নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সূত্রে খবর, বুধবারই সিদ্দারামাইয়া এবং শিবকুমার রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন।
আরও পড়ুন: দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, সঞ্জয় সিংয়ের সহকারীদের বাড়িতে অভিযান


কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, সিদ্দারামাইয়া বুধবার বিকেল সাড়ে ৬ টা নাগাদ বিশেষ বিমানে রওনা দেবেন এবং আজ রাত্রের মধ্যেই দিল্লি পৌঁছাবেন। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ব্যাঙ্গালুরু থেকেই দুপুরের বিমানে করে বিকেলের মধ্যে দিল্লিতে নামবেন। সূত্রে খবর, দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ শীর্ষ নেতৃত্বের অনেকের সঙ্গেই দেখা করতে পারেন তাঁরা।

কংগ্রেস সূত্রে খবর, মন্ত্রিসভায় বেশি সংখ্যক বিধায়ককে অন্তর্ভুক্ত করার পূর্বের পরিকল্পনার বিপরীতে দলের হাইকমান্ড আটজন মন্ত্রীর একটি তালিকা অনুমোদন করেছে কারণ আলোচনার সময় কিছু নাম নিয়ে সিদ্দারামাইয়া এবং শিবকুমারের মধ্যে মতপার্থক্য ছিল। কর্ণাটকে মন্ত্রিসভার মোট আসন ৩৪ কিন্তু মন্ত্রী পদের জন্য দাবিদারের সংখ্যা অনেক।



উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে ছিল ভোটের ফল প্রকাশ। বিজেপিকে হারিয়ে ১৩৮ টি আসনে দখলে নিয়ে ওই রাজ্যের শাসনভার ছিনিয়ে নেয় হাত শিবির। গত ২০ মে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার। ওইদিনেই শপথ নিয়েছেন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৮ জন মন্ত্রী।
দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, আলাদাভাবেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী








