নজরবন্দি ব্যুরোঃ মুখে কুলুপ বাকিদের! অগত্যা জরুরি আলোচনায় রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দু। তবে কী বিষয়ে আলোচনা করছেন তিনি তা এখনো জানা যায়নি। এই মুহুর্তে বাংলায় বঙ্গ বিজেপির কর্তারা খুব বেশি কিছু মন্তব্য করেননি। নিজেদের দলের ভেতরের বৈঠকেও নাকি উপস্থিত থাকছেন না অনেকে। আবার থাকলেও নাকি কথা বলছেন সেই দু-চার জনই। এদিকে পার্টি অফিস ফাঁকা থাকায় নগদ ভাড়া গুনে অর্থ অপচয়ের বদলে ১ তলা রেখে ৩ তলা ছেড়ে দিচ্ছে দল।
আরও পড়ুনঃ আলাপন চ্যাপ্টার ইজ ওভার নাও! নবান্ন বৈঠকে সাফ বার্তা মমতার
যদিও প্রথম সারির নেতাদের বক্তব্য ভোট পরবর্তী হিংসা থেকে কোভিড ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন তাঁরা। সেবা করছেন মানুষের স্বার্থে। তবে বাকিরা কমবেশি চুপ থাকলেও প্রতি বিষয়ে মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির প্রথম সারির মুখ শুভেন্দু অধিকারী। সম্প্রতি আলাপন ইস্যু থেকে ইয়াস বিপর্যয় বিরোধী দলনেতা হিসেবে নিজের মতামত দিয়ে গিয়েছেন তিনি।
আলাপন বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী প্রথম দিন বলেছিলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে কাজ করতে হয়ে রাজ্যের ‘অসহায় আমলাদের’। জানিয়েছিলেন হয়তো মুখ্যমন্ত্রীর কথা শুনেই বৈঠক থেকে যেতে হয়েছে মুখ্যসচিবকে। তবে দিন ঘুরতেই নিজের বক্তব্য থেকে সরে গিয়ে বিরোধী দলনেতা আলাপনের শাস্তি চেয়ে বসেছেন। বৈঠকে উপস্থিত না থেকে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন আলাপন, এই মর্মে তাঁর শাস্তির দাবি করেছিলেন। অন্যদিকে মোদিকে চিঠিতে মমতা জানিয়েছেন তাঁর অনুপস্থিতির অন্যতম কারণ স্বয়ং শুভেন্দু।
এদিকে রাজ্যের রাজ্যপালও প্রথম থেকেই এই ঘটনা নিয়ে ট্যুইট করে চলেছেন। কলাইকুন্ডার বৈঠক নিয়ে তরজা যখন তুঙ্গে আচমকা তখন রাজ্যপাল তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত কথোপকথন ফাঁস করে জানিয়েছিলেন আগে থেকেই মমতা পরিকল্পনা করেছিলেন বৈঠকে থাকবেন না তিনি। পার্সোনাল টক বাইরে আনায় বেজায় চটেছে তৃণমূল। গতকালও মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ট্যুইট করেছিলেন। আজ বৈঠকে বসেছে দুজনে।
মুখে কুলুপ বাকিদের! “রাজ্যের পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করব” বলে ট্যুইট করলেও কী বিষয়ে আলোচনা করবেন তিনি তা স্পষ্ট করে বলেননি রাজ্যের বিরোধি দলনেতা। তবে অনেকেই মনে করছেন বিজেপির নেতারা যেভবে মুখে কুলুপ এঁটে আছেন আর সেই পরিস্থিতিতে শুভেন্দুর রাজ্যপালের কাছে যাওয়া নেহাত সাধারণ বিষয় নয়।



