গতকাল বাংলাদেশের হিন্দুদের এদেশে আশ্রয় দেওয়ার কথা বলে, আজ মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে আচমকা কেন দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী? তা নিয়ে সকাল থেকেই ছিল জোর জল্পনা। সমস্ত জল্পনার অবসান করে এদিন বিকেলে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সময় চেয়েছিলাম, দুটি বিষয়ে কথা হয়েছে।’
বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে উদ্বিগ্ন ভারত সরকার। তাঁর উপর শেখ হাসিনা এখন ভারতের অতিথি। এই পরিস্থিতিতে গতকাল (সোমবার) বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।” এর পর আজই দিল্লী যান শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বাংলাদেশের হিন্দু এবং মন্দির রক্ষার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কথা হয়েছে হিন্দু শরনার্থীদের নিয়েও। এদিন দিল্লিতে গিয়ে অমিত শা এবং যে পি নাড্ডার সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বিকেলে জানান আগে থেকে তিনি সময় চেয়েছিলেন অমিত শাহর কাছে। প্রায় ৪০ মিনিট কথা হয়েছে তাঁদের মধ্যে।
শুভেন্দু বলেন, ‘অমিত শা যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তাঁর কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে। আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন। আমার মা নিজে বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। যন্ত্রনাটা আমার ভেতরে রয়েছে। তাই উদ্বেগটা ছিল। উদ্বেগটা নিরসনের জন্য এসেছিলাম। সেটা নিরসন হয়েছে।’



