নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহার। বুধবার তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল শীতলকুচি। চলল গুলি, আগুন লাগিয়ে দেওয়া হল বাইকে। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ১০ জন।
আরও পড়ুন: জমজমাট গড়িয়াহাটের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণের আকাশ!


পুলিশ সূত্রে খবর, বুধবার শীতলকুচির ডাকালি বাজারে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এরপর সেই ঝামেলা এসে পৌঁছয় ডাকঘরা বাজারে। তৃণমূলের তরফে অভিযোগ, দু’রাউন্ড গুলি চালিয়েছে বিজেপি এবং এক কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গোটা ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি। বরং বিজেপি নেতা বরেন চন্দ্র বর্ম অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত গুণ্ডারাই হামলা চালিয়েছে এবং তার জেরে আহত হয়েছে বিজেপি কর্মীরা। পাশাপাশি, গুলি চালাবার কথাও অস্বীকার করেছে বিজেপি।



পঞ্চায়েতের আগে বারবার শিরোনামে আসছে কোচবিহার। মঙ্গলবার রাতেই দিনহাটার সীমান্তবর্তী গ্রাম জারিধরলাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘটে। সেখানেও চলে গুলি। মারাও যান বাবু হক নামের এক তৃণমূল কর্মী। এবার দিনহাটার পর শীতলকুচিও অশান্ত হল।
ফের উত্তপ্ত কোচবিহার, তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি জ্বলল বাইক!








