কলকাতায় লিওনেল মেসি-কে ঘিরে সেই বিতর্কিত শোয়ের কয়েক মাস পর ফের বিস্ফোরক মন্তব্য করলেন আয়োজক শতদ্রু দত্ত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে তিনি অভিযোগ তুলেছেন, তাঁর ইভেন্ট পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছিল এবং এর জন্য দায়ী প্রভাবশালী মহল।
গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন-এ ‘গোট ট্যুর’ ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল-এর উপস্থিতি ঘিরে হাজার হাজার দর্শক ভিড় করেছিলেন। কিন্তু শেষমেশ সেই অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় পরিণত হয়।


অভিযোগ, মাঠে প্রবেশের পরই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর অনুগামীরা ফুটবলারদের ঘিরে ফেলেন। ফলে সাধারণ দর্শকরা বহু টাকার টিকিট কেটেও একঝলক দেখতে পাননি তাঁদের প্রিয় তারকাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্ষুব্ধ সমর্থকেরা মাঠে নেমে পড়েন, ভাঙচুর চালান, যা গোটা দেশে সমালোচিত হয়।
এই ঘটনার জেরে গ্রেফতারও হন শতদ্রু দত্ত। প্রায় ৩৮ দিন জেলেও কাটাতে হয় তাঁকে।
এবার সেই প্রসঙ্গেই সরব হয়ে শতদ্রু সোশ্যাল মিডিয়ায় লেখেন, তাঁর টিমের কাছে জোর করে অ্যাক্সেস কার্ড চাওয়া হয়েছিল, না দেওয়ায় তাঁদের আটকে রাখা হয়। তাঁর অভিযোগ, “আমার ইভেন্ট নষ্ট করা হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এর জন্য সমর্থকেরা হতাশ হয়েছেন, আর আমি জেলে গেছি।”


আরও কড়া সুরে তিনি বলেন, “সব হিসেব হবে। আমার সময় এসেছে। ভগবান সব দেখছেন।” যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তাঁর পোস্টে ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন অনেকেই।
শতদ্রু জানিয়েছেন, খুব শিগগিরই তিনি একটি সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য প্রকাশ করবেন। পাশাপাশি প্রায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং সমপরিমাণ মানহানির মামলা দায়ের করার কথাও জানিয়েছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, অতীতে কলকাতায় দিয়েগো মারাদোনা, রোনালদিনহো কিংবা এমিলিয়ানো মার্টিনেজ-দের আনার ক্ষেত্রে সফল হলেও, মেসির ইভেন্টেই কেন এমন ভরাডুবি—তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর শতদ্রুর এই বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এখন দেখার, তাঁর ঘোষিত সাংবাদিক সম্মেলনে আর কী কী তথ্য সামনে আসে।







