নজরবন্দি ব্যুরো: শুক্রবার এনসিপি কমিটির বৈঠকের সিদ্ধান্তে দলের সভাপতি পদে থাকছেন শরদ পাওয়ার। এমনকি শরদ পাওয়ার যে ইস্তফাপত্র দিয়েছিলেন তাও খারিজ করে দেওয়া হয়েছে বলে খবর। পুনরায় সভাপতির দায়িত্ব গ্রহণের পর বড় বার্তা দিলেন এনসিপি প্রধান। গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসেই আচমকা এই ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার।
আরও পড়ুন: Offbeat Destination: মেঘ সরলেই কাঞ্চনজঙ্ঘা, এই গ্রামে এলে নিরাশ হবেন না


এদিন এনসিপি প্রধান বলেন, ‘সভাপতির দায়িত্বে থাকলেও সংগঠনের উন্নতির জন্য কিছু পরবর্তীকালের কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রয়োজন। দলের মধ্যেই নতুন ভাবে দায়িত্ব বণ্টনের কাজ করব। নতুন নেতৃত্বদের তৈরি করতে হবে। দলীয় সদস্যদেরও দলের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।” দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনাদের লাগাতার সমর্থন আমকে প্রভাবিত করেছে।”

গত মঙ্গলবার নিজের আত্মজীবনী ‘Lok Maze Sangati’ প্রকাশ অনুষ্ঠানে এসে এনসিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওইদিনই জানিয়েছিলেন দলের পরবর্তী সভাপতি গঠন করবে এনসিপি কমিটি। সেইমত আজ অর্থাৎ শুক্রবার দলীয় কমিটি বৈঠকের মাধ্যমে দলের সভাপতিকে বেছে নেবেন।



শুক্রবার শরদ পাওয়ারের গঠিত কমিটি বৈঠকে বসেন। সভাপতি পদে কে থাকবেন? নাম উঠে এসেছিল শরদ পাওয়ারের মেয়ে এবং রাজ্যসভার সদস্য সুপ্রিয়া সুলে, ভাইপো অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল এবং ভুজবল। দলের বরিষ্ঠ নেতা ছগ্গন ভুজবল বলেছিলেন, “অজিত পাওয়ারের উচিৎ রাজ্যের দায়িত্ব নেওয়া এবং সুপ্রিয়ার নেওয়া উচিৎ জাতীয় রাজনীতির দায়িত্ব। শরদ পাওয়ার সভাপতি পদ থেকে সরলে সেই দায়িত্ব নেওয়া উচিৎ সুপ্রিয়ার।” তবে এখনই তা হচ্ছে না। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সভাপতি থাকছেন শরদ পাওয়ারই।








