শাহরুখ খান অভিনীত ‘কিং’ এখনও মুক্তি পেতে বাকি। কিন্তু ছবিটিকে ঘিরে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই ছবি। যদি সেই দাবি সত্যি হয়, তবে ‘জওয়ান’-কে পিছনে ফেলে এটিই হবে শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। যদিও এই বাজেটের দাবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
বিনোদন মহলের একাধিক সূত্রের দাবি, ‘কিং’-এর বিশাল বাজেটের বড় অংশ খরচ করা হচ্ছে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল এফেক্টস (VFX), হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য। নির্মাতাদের লক্ষ্য, দর্শকদের এমন এক বড় মাপের সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়া, যা এর আগে শাহরুখ খানের কোনও ছবিতে দেখা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ছবিটি প্রথমে একটি অ্যাকশন-থ্রিলার হিসেবে পরিকল্পিত ছিল। তবে পরবর্তীতে শাহরুখ খান এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবির পরিসর আরও বড় করার সিদ্ধান্ত নেন। এরপরই চিত্রনাট্যে যোগ হয় একাধিক আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য, উন্নত প্রযুক্তি এবং উচ্চমানের ভিএফএক্স, যার ফলে ছবির সম্ভাব্য বাজেটও অনেকটাই বেড়ে যায়।
সূত্রের আরও দাবি, ছবির কোনও বিভাগেই আপস করতে রাজি নন নির্মাতারা। দর্শকদের জন্য প্রতিটি দৃশ্যকে স্মরণীয় করে তুলতেই বিপুল অঙ্কের বিনিয়োগ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই বাজেট সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে, বাজেট নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর পরিচালক সিদ্ধার্থ আনন্দ সমাজমাধ্যম এক্স-এ একটি মাত্র শব্দ লিখে পোস্ট করেন— ‘মিথ্যা’। যদিও তিনি ঠিক কোন প্রতিবেদনের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি। তবে বিনোদন মহলের একাংশের ধারণা, ৪৫০ কোটি টাকার বাজেট সংক্রান্ত খবরের প্রতিক্রিয়াতেই এই পোস্ট করেছেন পরিচালক। যদিও পরে এ বিষয়ে আর কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’-এর অন্যতম বড় আকর্ষণ শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খান-এর প্রথম অনস্ক্রিন জুটি। জানা গিয়েছে, ছবিতে শাহরুখকে একজন অভিজ্ঞ গুপ্তঘাতকের চরিত্রে দেখা যাবে, যিনি সুহানার চরিত্রকে বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ দেন।
ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়াল। পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। গত বছর শাহরুখ খানের জন্মদিনে ছবির টাইটেল টিজার প্রকাশ্যে আসে। সেখানে রুপোলি চুলে শাহরুখের নতুন লুক, দুর্ধর্ষ অ্যাকশন এবং তাঁর সংলাপ— ‘ডর নেহি, দেহশত হুঁ’—মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল।
৪৫০ কোটি টাকার বাজেটের দাবি শেষ পর্যন্ত সত্যি হোক বা না হোক, ‘কিং’ যে আগামী বছরের সবচেয়ে প্রতীক্ষিত বলিউড ছবিগুলির অন্যতম, তা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে কোনও দ্বিমত নেই।




