নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি ও সিবিআই। এবার দেশের বিভিন্ন রাজ্য থেকে সিবিআই দফতরে সাত জন আধিকারিকদের পাঠানো হল। শীঘ্রই এই সাত জন আধিকারিকদের নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখায় যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে খবর, টাস্ক ফোর্স গড়ার জন্য ৭ জন অফিসারকে সিবিআইয়ের বিভিন্ন জোন থেকে আনা হচ্ছে। ২ মাস তাঁরা কলকাতায় থাকবেন। দুর্নীতির বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন তাঁরা।
আরও পড়ুনঃ সুপার কাপের প্রথম ম্যাচ! মোহনবাগানে আশিকের বিকল্প হিসেবে খেলতে পারেন এই ফুটবলার


জানা গেছে, সাত জনের ওই দলে থাকবেন এক জন এসপি, তিন জন ডিএসপি, দু’জন ইন্সপেক্টর, এক জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন। নয়াদিল্লি, বিশাখাপত্তনম, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর এবং ভোপালের সিবিআই দফতর থেকে সাত দুঁদে সিবিআই অফিসারদের নিয়ে আসছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে গতি বদলাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আদালতের নির্দেশে গত বছর থেকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। গ্রেফতার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিকরা। গ্রেফতার হয়েছে দুর্নীতিতে অভিযুক্ত একাধিক নেতারা। কিন্তু বারবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। তদন্তে ঢিলেমি দেখা মাত্রই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই এখন সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের মধ্যেই বদল আনা হল।
সাত দুঁদে সিবিআই অফিসারদের নিয়ে আসছে সিবিআই, চাইছে নিয়োগ দুর্নীতিতে বিরাট তথ্য

সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেস থেকে নয়াদিল্লিতে একটি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে একাধিক সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে। এমনকি আগামী দিনে তালিকায় আরও অনেক জনের নাম রয়েছে। সেকারণেই তদন্তে গতি বাড়াতে বিরাট পদকক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন টাস্ক ফোর্স গঠন হলে আরও বড় প্রশ্নের মুখে পড়বে সিবিআই। সেক্ষেত্রে তদন্তের গতি বাড়ালেই হবে না, তদন্তের নিষ্পত্তিও চাইবে ওয়াকিবহাল মহল।









