নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে তোলপাড় বাংলা। ইতিমধ্যেই দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, মন্ত্রী ঘনিষ্ঠকে জেরায় উঠে এসেছে কোটি কোটি টাকার লেনদেন। এখানেই শেষ নয়, এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কেষ্টর মডেল অনুসরণ করেই হাঁটছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুও।
প্রসঙ্গত, এর আগে বীরভূমের বাঘ কেষ্ট মণ্ডলকে জেরা করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি জানতে পেরেছিল যে, অনুব্রতর বাড়ির পরিচালকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ক্যাশে জমা পড়েছে। আবার সেই টাকাও চেকে সই করে তুলে নেওয়া হয়েছিল। আর কেষ্টর সেই মডেল অনুসরণ করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।

ইডি সূত্রে খবর, মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে জেরার করে এ জে অ্যাগ্রোটেক এবং এজে রয়্যাল অ্যান্ড কোম্পানি- এই দুটি সংস্থার হদিশ পেয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। আর মন্ত্রীর সহায়ক স্বীকার করেছিলেন যে, এই দুটি সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিকেরই। কিন্তু এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয়র স্ত্রী মনিদীপা মল্লিক ও মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে এই সংস্থাগুলির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানিয়েদেন যে তাঁদের কোনও যোগ নেই। কিন্তু এরপরেই তদন্তের জেরে জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে এই সংস্থাগুলির স্ট্যাম্প ও সিল পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, এই সব কোম্পানিগুলি আসলে ভুয়ো। যদিওবা এখনও পর্যন্ত এগুলোতে কোনও লেনদেনের হদিশ পাওয়া যায়নি। রেশন দুর্নীতির মাধ্যমে তোলা টাকা এই সব কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে মাত্র। সেই সঙ্গে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে। এ ক্ষেত্রে কর ফাঁকি ইত্যাদির বিষয় তো রয়েছেই।
কেষ্টর পথেই হেঁটেছেন বালু, চাঞ্চল্যকর তথ্য ফাঁস ইডির




