নজরবন্দি ব্যুরো: চলন্ত ট্রেনে সহযাত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধৃত যুবক। মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশন থেকে অভিযুক্ত শাহরুখ সইফি গ্রেফতার করে পুলিশ। আর পুলিশি জিজ্ঞাসাবাদেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! অভিযুক্ত জানায়, তাকে যাত্রীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও অভিযুক্তের এই দাবি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Nil Sashthi: এবছর কবে নীল পুজো? কেন এই ব্রত পালন করা হয়? জানুন…



পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শাহরুখ সইফি দিল্লির বাসিন্দা। দিল্লির শাহিনবাগ এলাকায় তার বাড়ি। এর আগেও একাধিক অভিযোগে অভিযুক্তকে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। তবে ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পেট্রোল, ডায়েরি, ফোন, নিয়েও তল্লাশি শুরু করেছেন আধিকারিকরা।



প্রসঙ্গত, কেরলে আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর সহযাত্রীর গায়ে আচমকা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সহযাত্রীর। এরপরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে শিশু সহ ট্রেন থেকে ঝাঁপ দেন এক মহিলা। পরে রেললাইন থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি ট্রেনে আগুন লাগার ঘটনায় আরও ৯ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে আততায়ীর সন্ধান চালাচ্ছে পুলিশ।
যাত্রীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ ছিল, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটল? তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে দুই প্রাপ্তবয়স্ক। তাঁদের নাম তৌফিক এবং রেহানা। পাশাপাশি পুলিশি তল্লাশিতে রেল লাইনের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ওই ব্যাগে এক বোতল পেট্রোল এবং দু’টি মোবাইল ফোন ছিল।







