‘যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন, ‘আবার দেখা হবে নবান্নে’ – গর্জে উঠলেন মমতা ’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিলের নেতৃত্ব দিয়ে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। প্রশাসনিক বদল নিয়েও কমিশনকে নিশানা তৃণমূল নেত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক পরের দিনই কলকাতার রাজপথে শক্তি প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে তিনি একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে বদলির প্রসঙ্গ টেনে মমতার কড়া মন্তব্য— “যাঁকেই পাঠান, তাঁরা শেষ পর্যন্ত মানুষের হয়ে কাজ করবেন। আবার দেখা হবে নবান্নে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ভোটের লড়াইয়ের মাঝেই প্রশাসনিক বদল নিয়েও সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী।

মিছিল শুরু হয় কলকাতার কলেজ স্কোয়ার থেকে। সামনে ছিলেন তৃণমূলের মহিলা নেত্রীরা—বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না দাস-সহ অনেকে। অনেকের হাতেই ছিল প্রতীকী গ্যাস সিলিন্ডার। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে জানায় তৃণমূল নেতৃত্ব।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মমতা নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রশাসনিক বদল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মধ্যরাতে খবর পেলাম—মহিলা মুখ্যসচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও।” তাঁর অভিযোগ, আগে নিয়ম ছিল রাজ্য সরকার তিনটি করে নাম পাঠাবে, তারপর নির্বাচন কমিশন তার মধ্যে থেকে একজনকে বেছে নেবে। কিন্তু এবার সেই প্রথা মানা হয়নি বলেই দাবি করেন তিনি।

রাজ্যের পুলিশ প্রশাসনে বদল নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ডিজি পীযূষ পাণ্ডেকেও এক কথায় সরিয়ে দেওয়া হল। কেন? বিজেপির পার্টির লোককে বসানোর জন্য?” একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বদল নিয়েও তিনি কটাক্ষ করেন।

বিজেপিকে নিশানা করে মমতার দাবি, নির্বাচন ঘিরে ভয় ও বিভাজনের রাজনীতি করা হচ্ছে। তাঁর কথায়, “ওরা নর্থবেঙ্গলিদের বলবে বাঙালিদের সঙ্গে ঝগড়া করতে। কিন্তু বাংলা সবাইকে নিয়ে থাকে। এখানে সবাই মিলেমিশে থাকে।”

রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। মমতার বক্তব্য, “এ বার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মেরে আউট করতে হবে। বাংলায় আবার তৃণমূলই ফিরবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলার সরকার বদলানো এত সহজ নয়। “সব বদলে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না। লিখে রাখুন।” তাঁর দাবি, যত বাধাই আসুক, শেষ পর্যন্ত মানুষের সমর্থন তৃণমূলের পক্ষেই থাকবে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “এত প্রচার না করে গ্যাসের দামটা কমাতে পারতেন।” তাঁর অভিযোগ, কেন্দ্র কৃত্রিম ভাবে গ্যাসের সংকট তৈরি করছে।

রাজনৈতিক উত্তেজনার মাঝেই মমতা তাঁর কর্মীদের উদ্দেশে বার্তা দেন শান্ত থাকার। তিনি বলেন, “কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। নির্বাচন শান্তিপূর্ণ হোক।” তবে একই সঙ্গে বিজেপিকে উদ্দেশ করে তাঁর চ্যালেঞ্জ, “আবার দেখা হবে… নবান্নে দেখা হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত