নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে, মঙ্গলবার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এরপর থেকেই তৎপর হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশের পরই প্রতি জেলায় দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের কপি এলেই প্রয়োজনীয় আবেদন করা হবে বলে খবর।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের! কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই রাজ্যে অশান্তি দেখা যায়। তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। আজ ছিল সেই মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে প্রশ্ন করে, “পঞ্চায়েতে আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর অন্যদিকে হাইকোর্ট রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। তাহলে আপনাদের অসুবিধা কোথায়?”

শীর্ষ আদালতের প্রশ্নের জবাবে কমিশন জানায়, “রাজ্যের পুলিশ যথেষ্ট সমর্থ। প্রথম থেকেই পুলিশ সহযোগিতা করেছে। কিন্তু রাজ্যে পুলিশকর্মী কম থাকায় অন্যরাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে। যার দরুন সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা ভাবলে আগের সমস্ত পরিকল্পনা বদল করতে হবে। যার ফলে নির্বাচনের আগেই সমস্যার মুখে পড়তে হবে।” যদিও যাবতীয় সওয়াল জবাবের পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা আগেই জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দেবে সেইমতই কাজ হবে। এরপর মঙ্গলবার নির্দেশের পরই কমিশন তৎপর হয়। এদিন দুপুরেই রাজ্যের হাতে কত বাহিনী রয়েছে, কোন জেলায় কত বাহিনী প্রয়োজন এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।
Panchayat-এ হাইকোর্টের রায়ই বহাল, প্রতি জেলায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি করতে পারে কমিশন




