লোকসভা নির্বাচনের পাশাপাশি বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। কয়েকদিন আগেই বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষকে ভোট প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এবার বরানগরবাসীর রোষের মুখে পড়লেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Sayantika Banerjee)। ভোট চাইতে গিয়ে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে এল তাঁর দিকে। কী নিয়ে অভিযোগ এলাকাবাসীদের।



আরও পড়ুন: বামেরা ক্ষমতায় ফিরলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! সৃজনের মন্তব্যে তোলপাড় ভোট বাজার
প্রবল গরমেও চলছে ভোট প্রচার। এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলছেন প্রার্থীরা। বরানগরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে বেরিয়ে সায়ন্তিকাকে বরানগরের পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন শুনতে হয়। এলাকাবাসীরা বলেন, ‘এখানে মানুষের অনেক সমস্যা। কাউন্সিলরদের একটু আলো, জল দেখতে বলুন।’ জবাবে সায়ন্তিকা বলেন, ‘একটা সরকারের হাতে ৩৪ বছর ক্ষমতা ছিল। তারা তো নরক বানিয়ে রেখেছিল। মা মাটি মানুষের সরকার আসার পরি যেটুকু রাস্তা, আলো হয়েছে। আপনারা বিশ্বাস, ভরসা রাখুন। আমাদের কাউন্সিলররা, কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যতটা সম্ভব মানুষের অসুবিধা ঠেকাবে।’

এক মহিলা ক্ষোভ উগরে বলেন, ‘দিনের পর দিন রাস্তা-ড্রেন পরিষ্কার হয় না। চার বছর আগে একটা পোস্ট বসিয়ে গিয়েছে আজও জ্বলল না। এখানে কত রকমের নোংরামি চলে সবাই জানে, অনেক বলেও লাভ হয়নি।’ কয়েকদিন আগে বিজেপির প্রার্থী সজল ঘোষ যখন ভোট প্রচারে এসেছিলেন সেই সময় তাঁকে শুনতে হয়ছিল, ‘মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আপনাকে ভোট দেব কেন?’ এবার ভোটারদের প্রশ্নের মুখে তৃণমূলের তারকা প্রার্থী।


‘কতরকম নোংরামি চলে…’, সজলের পর এবার সায়ন্তিকা, ভোট প্রচারে বেরিয়ে রোষের মুখে TMC প্রার্থী

২০২১ সালে বরানগর থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন তাপস রায়। কয়েক মাস আগেই তিনি তৃণমূল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। তিনি এবারের লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী। তাঁর ছেড়ে যাওয়ার ফলে বিধায়ক শূন্য বরানগরে উপনির্বাচন হবে আগামী ১ জুন। বরানগর বিধানসভার অন্তর্গত ভোটাররা একইদিনে লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনের জন্য ভোটদান করবেন।







