ভারত-পাকিস্তান ম্যাচের আগে নতুন বিতর্কে উত্তাল ক্রিকেটমহল। পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলাইন মুস্তাকের বিস্ফোরক মন্তব্যে তৈরি হয়েছে তীব্র চর্চা। তাঁর দাবি, ভারতীয় বোর্ডের চাপে কলম্বোর পিচের চরিত্র বদলে যেতে পারে—যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর পিচে এখনও পর্যন্ত ব্যাটারদের জন্য খুব বেশি সহায়ক পরিবেশ দেখা যায়নি। বেশিরভাগ ম্যাচেই রান তুলতে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। এখনও পর্যন্ত কোনও দলই ২০০-র গণ্ডি পেরোতে পারেনি। ফলে ভারত-পাক ম্যাচেও পিচের আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে।


পাকিস্তানের টিভি অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-এ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাকলাইন বলেন, আধুনিক প্রযুক্তি এবং মাঠকর্মীদের দক্ষতার কারণে পিচের চরিত্র বদলে দেওয়া এখন খুব কঠিন নয়। তাঁর মন্তব্য, “আজকাল এমন প্রযুক্তি রয়েছে, কখন যে পিচ বদলে যাবে, কেউ বুঝতেই পারবে না। আমরা সবাই জানি, আইসিসি কার কথায় চলে।”
সরাসরি নাম না করলেও তাঁর এই মন্তব্যে বিসিসিআইয়ের বিরুদ্ধে ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। সেই কারণেই মন্তব্যটি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।
এদিকে ভারতীয় দলও পিচের এই ধীরগতির চরিত্র মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে। সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা দিল্লিতে অনুশীলন করেছেন সম্ভাব্য পরিস্থিতির কথা ভেবে।


সাকলাইন পাকিস্তান দলের কম্বিনেশন নিয়েও মন্তব্য করেছেন। তাঁর মতে, ভারতের বিরুদ্ধে ম্যাচে আত্মবিশ্বাসী থাকবে উসমান তারিক। তবে দলে দুই পেসার ও একজন অলরাউন্ডার থাকলে দলের ভারসাম্য বদলে যায়। তিনি নিউজিল্যান্ডের জিমি নিশামের উদাহরণ টেনে বলেন, অলরাউন্ডারদের ভূমিকা অনেক সময় ম্যাচের গতিপথ বদলে দেয়।
তবে এই সব বিশ্লেষণ ছাপিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনায় সাকলাইনের পিচ-সংক্রান্ত মন্তব্যই। অনেক নেটিজেন তাঁর বক্তব্যের সমালোচনা করে জানিয়েছেন, অভিযোগ না তুলে পাকিস্তান দলের খেলার দিকেই মন দেওয়া উচিত।







