বলিউড থেকে রাজনীতির ময়দান—নতুন অধ্যায়ের ইঙ্গিত কি মিলছে? উত্তরপ্রদেশ সফরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তের সাক্ষাৎ এবং সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপি নেতাদের কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠছে—তবে কি এবার সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন ‘মুন্নাভাই’?
সম্প্রতি উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক রাজেশ্বর সিংয়ের আমন্ত্রণে লখনউয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন সঞ্জয় দত্ত। সেখানে তিনি একটি রোড শো-তেও অংশ নেন এবং উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। রাজনৈতিক আবহে অভিনেতার এই উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে।

কর্মসূচি শেষে সঞ্জয় দত্ত সরাসরি যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনে। সাক্ষাতের একাধিক ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পোস্টে যোগীর আতিথেয়তার প্রশংসা করে কৃতজ্ঞতাও জানান অভিনেতা। সেই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরালো হয়েছে।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সঞ্জয় দত্ত এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর বাবা সুনীল দত্ত ছিলেন কংগ্রেসের প্রভাবশালী নেতা ও সাংসদ। সেই প্রেক্ষাপটে বিজেপি নেতৃত্বের সঙ্গে অভিনেতার এই ঘনিষ্ঠতা রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারেন। এমনকি রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাঁর নাম ঘুরছে বলে জল্পনা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঞ্জয় দত্ত বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


তবে বলিউড তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার নজির নতুন নয়। ফলে সঞ্জয় দত্তের সাম্প্রতিক সফর নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি বড় রাজনৈতিক সিদ্ধান্তের পূর্বাভাস—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অন্দরমহলে।










