স্যামসংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ লঞ্চ নিয়ে উত্তেজনা তুঙ্গে। একাধিক রিপোর্ট ও লিক সামনে আসতেই স্পষ্ট—ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই আত্মপ্রকাশ করতে পারে বহুচর্চিত Samsung Galaxy S26 সিরিজ। হার্ডওয়্যারে বড় আপগ্রেডের ইঙ্গিত মিললেও, সেই সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে সম্ভাব্য দামের ধাক্কা।
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনআপ হল তাদের এস সিরিজ। সেই ধারাবাহিকতায় চলতি বছর বাজারে আসতে চলেছে Samsung Galaxy S26 Series। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, Galaxy S26, Galaxy S26 Plus এবং Galaxy S26 Ultra—এই তিনটি মডেলই লঞ্চের জন্য প্রায় প্রস্তুত।


সব ঠিকঠাক থাকলে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমেরিকার San Francisco শহরে আনুষ্ঠানিকভাবে এই সিরিজ উন্মোচন করতে পারে Samsung।
তবে নতুন সিরিজের সঙ্গে আসতে পারে দামের ঊর্ধ্বগতি। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এই ফোনগুলির দাম ৪৪ হাজার থেকে ৮৮ হাজার ওন পর্যন্ত বাড়তে পারে। যদিও ভারত বা আমেরিকার বাজারে শুরুতে পুরনো দামের কাছাকাছি রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। তবে সেক্ষেত্রে প্রোমোশনাল অফারের শর্তে সেই দাম বজায় রাখা হতে পারে।
দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উঠে আসছে হার্ডওয়্যার আপগ্রেড। বিশেষ করে Galaxy S26 Ultra মডেলে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, এতে থাকতে পারে নতুন প্রজন্মের M14 OLED ডিসপ্লে, আরও শক্তিশালী ব্যাটারি, ৬০ ওয়াট ফাস্ট চার্জিং, এবং উন্নত ক্যামেরা অ্যাপার্চার। এর ফলে কম আলোতেও উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা মিলবে।


এ ছাড়াও বিশ্ববাজারে র্যাম ও NAND স্টোরেজের দাম বৃদ্ধি, সঙ্গে প্রসেসর ও অন্যান্য চিপসেটের খরচ বাড়াও দামের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে অতিরিক্ত এই খরচ নিজে বহন না করে গ্রাহকদের দিকেই ঠেলে দিতে পারে স্যামসং—এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, Galaxy S26 সিরিজ হতে চলেছে শক্তিশালী আপগ্রেডের প্যাকেজ, তবে চূড়ান্ত দাম ও ফিচারের নিশ্চিতকরণ মিলবে আনুষ্ঠানিক লঞ্চের দিনই।








