আরজি কর ইস্যুতে প্রতিবাদ করায় লাগাতার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে সরব হলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। তা সত্ত্বেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। লালবাজারের সাইবার সেলেও তিনি একটি ই-মেইল করেছেন। কিন্তু কোনও সদুত্তর আসেনি বলে জানিয়েছেন অভিনেত্রী।
আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন রূপা ভট্টাচার্য। রাত দখল অভিযানেও সামিল হতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই থেকেই শুরু হয়েছে হুমকি। একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে রূপা বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অশ্লীল ভাষায় আমাকে মেসেজ করা হচ্ছে। রেপ থ্রেট দেওয়া হচ্ছে। তাছাড়া অন্য বিভিন্ন পোস্টে আমাকে ট্যাগ করে বলা হচ্ছে, তুই কেন দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিস? তুই কেন রাস্তায় নামলি?”


সঙ্গে অভিনেত্রী এও বলেছেন, “ওরা বলছে পুলিশ আমাদের কিছু করতে পারবে না। তোর বাড়িতে ঢুকে রেপ করে আসব! অষ্টমীর দিন করব, দশমীর দিন করব!” পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও রকম সাহায্য মেলেনি বলে দাবি রূপার। শেষমেশ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন তিনি।
রূপা বলেছেন, “আমি লালবাজারে পুলিশের সাইবার সেলে একটি -ইমেইল করেছি। কোনও জবাব আসেনি। সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশকে ট্যাগ করে বললাম, এটা লাগাতার হয়ে যাচ্ছে। আপনারা কিছু করুন। তাতেও কোনও লাভ হল না। সেই কারণে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম কারণ উনি পুলিশমন্ত্রী। এরপর শুক্রবার কলকাতা পুলিশ আমাকে দক্ষিণ কলকাতার সাইবার সেলে সশরীরে গিয়ে অভিযোগ দায়ের করতে বলল। আমি শুটিং থেকে ছুটি নিয়ে আজ শনিবার সেখানে গেলাম। তাঁরা এখন বলছে আমাদের এখানে হবে না আপনি আগে লোকাল থানায় ডায়েরি করুন!”







