ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন না রূপা গঙ্গোপাধ্যায়, ‘এক লাইনও খবর রাখিনি’—সাফ জবাব বিজেপি বিধায়কের

ছাত্র-যুব আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকার করলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। জানালেন, বিষয়টি নিয়ে তিনি কোনও খবরই অনুসরণ করেননি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেশজুড়ে চলতে থাকা ছাত্র-যুব আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা, তখন এ বিষয়ে মন্তব্য করতে স্পষ্টই অনীহা প্রকাশ করলেন অভিনেত্রী তথা বিজেপি (Bharatiya Janata Party) বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। সাম্প্রতিক এক অনুষ্ঠানে আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, বিষয়টি নিয়ে তিনি কোনও খবরই রাখেননি। তাই মন্তব্য করাও তাঁর পক্ষে সম্ভব নয়।

গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে ছাত্র-যুবদের আন্দোলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে শুরু হওয়া এই বিক্ষোভে বহু তরুণ-তরুণীর অংশগ্রহণের খবর সামনে এসেছে। আন্দোলন চলাকালীন একাধিক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনাও ঘটেছে। দিল্লির পাশাপাশি মুম্বই ও পাটনার মতো শহরেও প্রতিবাদের সুর শোনা যাচ্ছে।

এই আবহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, সবাই মনে করেন ক্যামেরার সামনে থাকা মানুষ সব বিষয়ে মতামত দিতে পারবেন। কিন্তু তাঁর কথায়, তিনি এই ইস্যু নিয়ে কোনও খবরই অনুসরণ করেননি।

রূপার ভাষায়, “আমি আপনাদের কড়জোড়ে জানাচ্ছি, এই বিষয় নিয়ে এক লাইনও খবর রাখিনি। রাখতে চাইওনি। যেমন আমি খেলা দেখি না, খেলার বিষয়ে কিছু বলি না। কারণ সেটা আমি বুঝি না। তেমনই এই বিষয়েও আমি কিছু পড়িনি বা জানিনি। তাই মন্তব্য করার মতো অবস্থায় আমি নেই।”

তিনি আরও বলেন, যে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান বা তথ্য নেই, সেই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তাই ইচ্ছাকৃতভাবেই এই আন্দোলন নিয়ে কোনও অবস্থান প্রকাশ করছেন না বলে জানান বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। পরে পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও আন্দোলন ঘিরে দেশজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর প্রার্থী লাভলি মৈত্রকে (Lovely Maitra) পরাজিত করেন। রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও তিনি পরিচিত মুখ। বড় পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে দেব (Dev) অভিনীত রঘু ডাকাত ছবিতে। টেলিভিশনে তাঁর শেষ কাজ ছিল মেয়েবেলা ধারাবাহিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন