নজরবন্দি ব্যুরোঃ ‘মেয়েরা রাঁধে আবার চুলও বাঁধে’ পুরানো প্রবাদ নতুনের হাওয়া লেগে অনেকটাই বদলেছে। বরং বলা ভালো, মেয়েরা রাজনীতি করে আবার অভিনয়তেও মাতায়। দীর্ঘ পনেরো বছর পর রাজনীতির ময়দান ছেড়ে মেয়েবেলার গল্পে ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। তা আবার এমন এক মেগার হাত ধরে, যা ইতিমধ্যেই ছাপ ফেলেছে মানুষের মনে। প্লট সেই একই শাশুড়ি-বৌমা। শুধু পালটে গিয়েছে সম্পর্কের সমীকরণ। মেয়েরাই কি মেয়েদের শত্রু? সমাজের সেই ধরাবাঁধা ধারনায় আঘাত হানতে আসছে জলসার নতুন মেগা ‘মেয়েবেলা’।
আরও পড়ুনঃ এরপর পোশাক ছাড়াই সামনে আসবে অভিনেত্রীরা, বেশরম রং নিয়ে বিতর্কিত মন্তব্য শক্তিমানের


সিরিয়ালের প্রোমো দেখে মুগ্ধ নেটিজেনরা। উত্তর কলকাতায় মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই গড়ে উঠবে এই ধারাবাহিক। তিন প্রজন্মের মেয়েদের বন্ধন, সংসারের প্রতি দৃষ্টিভঙ্গী, দায়িত্ববোধ কীভাবে বদলায় তাই দেখাবে এই বাস্তব প্রেক্ষাপটে নির্মিত ধারাবাহিকটি। সমাজের সাথে কী বদলাবে বাড়ির অন্দরমহলের চিত্র? কাহিনী অনুসারে বলা যায় বিয়ের পর থেকেই সংসারের হাল ধরেছে বিথীকা মিত্র। বিথীকা মিত্রের চরিত্রে অভিনয় করবেন রূপা। ইতিমধ্যেই তাঁর চরিত্রের গাম্ভীর্য নজর কেড়েছে দর্শকের ।
সংসারের জন্য বিথীকাকে নিজের জীবনের শখ-আহ্লাদ সব বিজর্সন দিতে হয়েছে। খাওয়ার পরে রাঁধা, আর রাঁধার পরে খাওয়া এই জীবনের যাতাকলে সে ভুলতে বসেছে তাঁর স্বাধীন জীবন কাটানোর ইচ্ছা। তাঁর স্বামী ব্যাগ-পত্তর গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছে। বউয়ের অভিমান মেশানো অভিযোগ শুনে পালটা মন্তব্য, ‘মায়ের শরীর খারাপ আর তুমি বেড়াতে যাওয়ার কথা ভাবছো, ছি!?’ তাহলে কি সংসারে মানিয়ে নেওয়ার কাজটা শুধুই মেয়েদের? এই মেগায় চিত্রা সেনকে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়ের শাশুড়ির ভূমিকায়।

সদ্য বিবাহিত ডোডোর স্ত্রী স্বীকৃতি আধুনিকা। সে জীবনকে চেটেপুটে উপভোগ করতে জানে। কিন্তু পরিবারের গোঁড়ামি থেকে বের করে আনতে পারবে কী সে? প্রোমোতে দেখা যায়, শাশুড়ির জন্য বউমা চা করে নিয়ে আসতেই রেগে আগুন বিথীকা। সাফ কথা, ‘ডোডো তোর বউকে আদিখ্যেতা করতে বারণ কর’। তবে হার মানতে না-রাজ স্বীকৃতি। সে শাশুড়ি মা-কে জানায়, বিয়ের গিফটের টাকা দিয়ে দার্জিলিং-এর টিকিট কেটেছে সে। তাঁর ইচ্ছা পরিবারের মেয়েরা মিলে ঘুরতে যাবে। যদিও খানিক রাগ আর অভিমানের সুরে শাশুড়ি মা জানায়, ‘এই বাড়ির শাশুড়ি-বউরা কোনওদিন কোথাও একসঙ্গে বেড়াতে যায়নি, যাবেও না’। কিন্তু একদিনেই কী হাল ছেড়ে দেবে স্বীকৃতি? একেবারেই না। শেষমেশ ঘরের মায়েরা কিন্তু দু’ দিনের জন্য হলেও ফিরে যেতে পারবে নিজেদের ‘মেয়েবেলায়’।


মেয়েরাই কি মেয়েদের শত্রু? রাজনীতির ময়দান ছেড়ে মেয়েবেলার গল্পে ফিরছেন রূপা

নতুন বছরে শুরু হবে স্টার জলসার ‘মেয়েবেলা’র সফর। রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে ফেরার খবর বেশ কিছু দিন ধরেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, অবশেষে তা সত্যি হল। তাহলে কী রাজনীতি ভুল্বেন রূপা? উত্তর একেবারেই নয়। প্রয়োজনে তিনি এরপরেও করে যাবেন সামাজিক কাজে, ছুটে যাবে গ্রামে গ্রামান্তরে। ধারাবাহিকের প্রোমোতে একাধিক মঞ্চাভিনেতাকে দেখা গিয়েছে। রূপার স্বামীর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও নবীন প্রজন্মের শ্রেয়া ভট্টাচার্য, শাওন চক্রবর্তী এবং অর্পন ঘোষাল। বলা যেতে পারে এই মেগা বদলে দিতে পারে চিরাচরিত কূটকাচালি, হিংসার ছবি, বরং হতে পারে বাস্তব ঘেঁষা জীবনের প্রতিচ্ছবি।







