বলিউড পরিচালক Rohit Shetty-কে হত্যাই ছিল মূল উদ্দেশ্য—এমনই বিস্ফোরক দাবি করল তদন্তকারী পুলিশ। তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত পাঁচ অভিযুক্তকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশের দাবি, এই হামলা কোনও ‘ভয় দেখানো’ নয়, বরং দীর্ঘদিন ধরে কষা একটি হত্যার ষড়যন্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত সমর্থ শিবশরণ পোমাজি এবং এখনও পলাতক শুভম লোঙ্কার মিলেই রোহিত শেট্টিকে খুনের ছক কষেছিল। এই পরিকল্পনার নেপথ্যে ফোনে বসে নির্দেশ দিচ্ছিল শুভম লোঙ্কার।


পুলিশ জানিয়েছে, একটি স্কুটারে করে অভিযুক্তরা রোহিত শেট্টির বাড়ির সামনে পৌঁছয়। প্রধান বন্দুকবাজকে সহায়তা করছিল সমর্থ। ঘটনার আগে তারা অন্য একটি জায়গায় জড়ো হয়েছিল এবং সেখান থেকেই স্কুটারটি আনা হয়। রোহিত শেট্টির নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ নিশ্চিত হয়েছে—গুলির লক্ষ্য ছিল পরিচালক নিজেই।
লরেন্স বিশ্নোই গ্যাংয়ের ছায়া, পুরনো আতঙ্ক ফের বলিউডে
তদন্তকারীদের মতে, এই ঘটনার সঙ্গে কুখ্যাত Lawrence Bishnoi gang-এর যোগ রয়েছে। বলিউডে তারকাদের লক্ষ্য করে এই গ্যাংয়ের হুমকি নতুন নয়। এর আগেও Salman Khan-কে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর বাড়ির সামনেও গুলি চালানো হয়েছিল।
এ ছাড়াও Kapil Sharma-র রেস্তরাঁ ও Disha Patani-র বাড়ির সামনেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
২০২৪ সালে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় Baba Siddique-কে। সেই ঘটনার পর থেকেই বলিউড ও রাজনৈতিক মহলে আতঙ্ক ছড়ায়। রোহিত শেট্টির বাড়ির সামনে গুলির খবর প্রকাশ্যে আসতেই তাই প্রথম সন্দেহের তির গিয়েছিল লরেন্স বিশ্নোই গ্যাংয়ের দিকেই।


সোশ্যাল মিডিয়ায় হুমকি: ‘পরের গুলি শোয়ার ঘরে’
ঘটনার পর সমাজমাধ্যমে একটি ভয়াবহ পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে লেখা ছিল—
“এটা শুধু একটা ঝলক। ও আমাদের কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, শোয়ার ঘরে চলবে এবং ওর বুকে গিয়ে বিঁধবে। গোটা বলিউডের জন্য এটাই হুঁশিয়ারি। নিজেদের পথ ঠিক করো, না হলে তোমাদের অবস্থা বাবা সিদ্দীকীর থেকেও খারাপ হবে। একটাই দল ছিল, আছে আর থাকবে—লরেন্স বিশ্নোইয়ের দল।”
এই পোস্ট ঘিরে নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ সূত্রে খবর, পলাতক শুভম লোঙ্কারকে ধরতে একাধিক রাজ্যে তল্লাশি চলছে।
সব মিলিয়ে, রোহিত শেট্টির বাড়ির সামনে গুলিবর্ষণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়—বলিউডকে লক্ষ্য করে সংগঠিত অপরাধচক্রের ক্রমবর্ধমান দাপটেরই এক ভয়াবহ ইঙ্গিত, এমনটাই মনে করছে পুলিশ।







