‘এটা ট্রেলার, পরের গুলিটা বেডরুমে চলবে’, রোহিত শেট্টির বাড়িতে গুলি চালিয়ে গোটা বলিউডকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

রোহিত শেট্টির বাড়িতে গুলি চালিয়ে ‘এটা ট্রেলার’ বলে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। পরের বার বেডরুমে ঢুকে মারার হুঁশিয়ারিতে আতঙ্কিত গোটা বলিউড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডে ফের আতঙ্কের রাত। রবিবার ভোররাতে মুম্বইয়ে খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টি-র বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর পর প্রকাশ্যে এল এক ভয়ংকর হুঁশিয়ারি—এটা নাকি শুধু ‘ট্রেলার’। নিষিদ্ধ বিষ্ণোই গ্যাং দাবি করেছে, পরের বার গুলি চলবে বেডরুমে ঢুকে। এই হুমকির লক্ষ্য শুধু রোহিত শেট্টি নন, কার্যত গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। ঘটনায় স্বাভাবিকভাবেই চরম উদ্বেগে বি-টাউন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়, বাড়ানো হয় নিরাপত্তা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পরিচালকের ব্যালকনি থেকে গুলির নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিষ্ণোই গ্যাংয়ের তরফে একটি ভয়ংকর বিবৃতি সামনে আসে। শুভম লঙ্কর, আরজু বিষ্ণোই ও হরি ‘বক্সার’ হাসান শম্ভু—এই তিন জনের নাম করে দেওয়া বার্তায় লেখা ছিল,
“রাম রাম, জয় বজরং বালি। আজ মুম্বইয়ে রোহিত শেট্টির বাড়িতে যে গোলাগুলি হয়েছে, সেটা আমরাই করিয়েছি। বহুবার ওকে সতর্ক করেছি—আমাদের কাজে নাক না গলাতে। শোনেনি বলেই এটা একটা ছোট্ট ট্রেলার দেখালাম। ভবিষ্যতে যদি আবার এমন হয়, পরের গুলি বাড়ির বাইরে নয়, একেবারে বেডরুমে চলবে। সেই গুলি রোহিতের বুকেও লাগতে পারে। এটা গোটা বলিউডের জন্য সতর্কবার্তা।”

তদন্তকারীদের মতে, এই হুমকির পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ। গত আড়াই দশক ধরে লাগাতার হুমকি দেওয়া সত্ত্বেও সলমন খান-কে কোনও ভাবে স্পর্শ করতে পারেনি বিষ্ণোই গোষ্ঠী। সেই ব্যর্থতার রাগ গিয়ে পড়েছে ‘ভাইজান’-ঘনিষ্ঠদের উপর। অতীতে সলমনের কাছের একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত শেট্টি—আর সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত হল টার্গেট, গোটা বলিউড।

রোহিত শেট্টি জুহুর ‘শেট্টি টাওয়ার’ নামে একটি বহুতলে থাকেন। ভোররাতে এমন গোলাগুলির ঘটনায় শুধু ওই এলাকা নয়, গোটা বলিপাড়াতেই আতঙ্ক ছড়িয়েছে। অনেক তারকাই ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন বলে খবর।

মুম্বই পুলিশ জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে রোহিত শেট্টি ও কয়েকজন প্রথম সারির তারকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে, এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল—তারকাদের নিরাপত্তা কতটা সুরক্ষিত? আর বিষ্ণোই গ্যাংয়ের এই প্রকাশ্য হুঁশিয়ারির পর বলিউডে যে উদ্বেগ আরও গভীর হল, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন