মুর্শিদাবাদের বহরমপুরে অধীর চৌধুরীর মিথ কার্যত ভেঙে খান খান হয়ে গিয়েছে। পরাজিত হয়েছেন অধীর চৌধুরী। কিন্তু বহরমপুরে এই অধীর চৌধুরীর হারকে কিছুতেই মানতে পারছে না কংগ্রেস শিবির। এর আগেই এনিয়ে মুখ খুলেছিলেন অধীর নিজে। ধর্মীয় মেরুকরণ করে এসব করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু এবার দলের মধ্যেই চাপে পড়লেন অধীর। তাঁকে কলকাতার মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করার আর্জি জানিয়েছেন, প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর পুত্র তথা কংগ্রেস নেতা রোহন মিত্র।
আরও পড়ুনঃ চন্দ্রবাবুর শর্ত মেনে স্বরাষ্ট্র থেকে সরানো হচ্ছে অমিত শাহ কে, নয়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং


কিছুক্ষন আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন রোহন। সেখানে তিনি লিখেছেন, ‘যেহেতু এই মুহুর্তে মুর্শিদাবাদ জেলায় কোন উপনির্বাচন নেই, তাই প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কলকাতার মানিকতলা আসনের উপনির্বাচনে প্রার্থী করুক দল।’ কংগ্রেস হাইকমাণ্ড কে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘অধীর বাবুর মতো কোন শীর্ষ নেতা যদি কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত মানিকতলা আসনে উপনির্বাচন লড়েন তাহলে কংগ্রেস কলকাতায় নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে।’

কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে এই মুহুর্তে মানিকতলা আসনের পরিসংখ্যান কি বলছে? কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত এই আসনে ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৩২। যার মধ্যে তৃণমূল পেয়েছে ৬৬ হাজার ৯৬৪ ভোট, বিজেপি পেয়েছে ৬৩ হাজার ৩৮৯ টি ভোট এবং বাম-কংগ্রেস মিলিত ভাবে ভোট পেয়েছে ৯ হাজার ৪২১ টি ভোট। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল, কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে এই বিধানসভাতেই সবথেকে কম ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। এখন প্রশ্ন হল এমন আসনে কি লড়তে চাইবেন অধীর চৌধুরী?
মানিকতলা উপনির্বাচনে লড়ুন অধীর চৌধুরী, কংগ্রেস হাইকমাণ্ডকে আর্জি রোহন মিত্রর



উল্লেখ্য, প্রায় দু’বছর পর এবার বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই ভোটগ্রহণ হবে এখানে। পাশাপাশি বিধানসভার উপনির্বাচন হবে এ রাজ্যের আরও তিন কেন্দ্রে। তালিকায় আছে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জে। ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।








