নজরবন্দি ব্যুরো: গতবারের আইএসএলের মতো এবারও কার্যত ধরাশায়ী অবস্থা এসসি ইস্টবেঙ্গলের। সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফল সেই আগের মতই। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে এসে ঠেকেছে রেনেডি সিংয়ের লাল-হলুদ।
আরও পড়ুনঃ ঠাঁই হয়নি বর্ষসেরার প্রথম তিনে, তবুও অনন্য সম্মান রোনাল্ডোর #CR7
গত ম্যাচে এই মরশুমের অন্যতম কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটিকে গোল শূন্য অবস্থায় আটকে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন জামশেদপুর এফসির বিরুদ্ধে হয়ত জয় তুলে নেবে ইস্টবেঙ্গল, কিন্তু দাতেঁ দাঁত চেপে লড়াই করলেও শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় রফিকদের। এসবের মাঝেই মানালো দিয়াজ, ও রেনেডি সিংয়ের দায়িত্ব ছাড়ার পর ফের দলের দায়িত্ব পেয়েছেন মারিও রিভেরা।
দলের এই টালমাটাল পরিস্থিতিতে আজ এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। এই নিয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে মারিও বলেন, আই লিগের পর আইএসএল এ তার প্রথম ম্যাচে দল নিয়ে মাঠে নামাটা যতটা চ্যালেঞ্জিং তার থেকেও বড় চ্যালেঞ্জ হল দলের সমস্ত মানসিকতার পরিবর্তন ঘটানো। পাশাপাশি দলের এই শোচনীয় অবস্থা থেকে ইতিবাচক বার্তা দিয়ে দল কে এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য বলে মনে করছেন তিনি।
খরা কাটাতে আরও লাল-হলুদের আক্রমনাত্মক ফুটবল দরকার
তবে বর্তমানে করোনার নয়া ভ্যারিয়েন্ট তথা ওমিক্রনের দাপটে কার্যত দিশেহারা হওয়ার মত পরিস্থিতি আইএসএলের একাধিক ফ্রাঞ্চাইজির । টিম মেট থেকে শুরু করে দলের একাধিক সদস্যদের মধ্যে দেখা দিয়েছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। যার থেকে রেহাই পায়নি রিভেরার লাল-হলুদ শিবির। তাই এই পরিস্থিতিতে আদৌ প্রথম একাদশ নামানো কতটা চ্যালেঞ্জিং হবে সে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু খেলোয়াড় চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন আবার কিছু খেলোয়াড় রয়েছেন আইসলেশনে। তবে এসবের মধ্যেই যেটা সেরা দল হবে সেটাই নামতে বদ্ধপরিকর মারিও রিভেরা।



