পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘনিয়ে এলেই রাজনীতিতে তারকাদের যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যেই সক্রিয় রাজনীতিতে পা রেখে বিধায়ক বা সাংসদ হয়েছেন। এই আবহেই দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল—বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কি কখনও রাজনীতির ময়দানে দেখা যাবে? অবশেষে সেই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি বলেন, “আমি আসলে রাজনীতির ময়দানের জন্য নই। মানুষ আমাকে খুব ভালোবাসেন, চেনেন। তাই সবাই জানেন আমি রাজনীতিতে আসতে চাই না।”
অভিনেত্রীর কথায়, তাঁর জীবনে ইতিমধ্যেই নানা ধরনের কাজ রয়েছে। অভিনয়ের পাশাপাশি সংসার, নাচের স্কুল, প্রযোজনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি। পাশাপাশি নানা সামাজিক কাজেও অংশ নেন। ফলে রাজনীতির জন্য আলাদা সময় বের করা তাঁর পক্ষে কঠিন বলেই জানিয়েছেন ঋতুপর্ণা।
তিনি বলেন, “আমি আমার কাজের মাধ্যমেই সমাজের জন্য কিছু করতে চাই। চরিত্র নির্বাচনের মধ্য দিয়েই নিজের মতামত ও ভাবনা প্রকাশ করতে চাই।”
সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভায় মনোনয়ন পাওয়ার প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি বলেন, “কোয়েল খুব মিষ্টি মেয়ে এবং খুব ভালো অভিনেত্রী। ওর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। ওদের প্রযোজনায় আমি অনেক ছবিতে কাজ করেছি। ওকে অনেক শুভেচ্ছা জানাই।”


অভিনেত্রীর আশা, অভিনয়ের মতোই রাজনীতির নতুন দায়িত্বেও কোয়েল মল্লিক সফল হবেন।









