দলনেতার পদ হারিয়ে কী বললেন ঋতব্রত?

হাই কোর্টের নির্দেশে আপাতত বিরোধী দলনেতার পদে নেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে নথি জমা না দেওয়া, বিধায়কদের অভিযোগ এবং কালীঘাট শিবিরের উচ্ছ্বাস নিয়ে পাল্টা জবাব দিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর আগের সিদ্ধান্ত খারিজ করে দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করতে স্পিকারকে ১০ দিনের সময় দিয়েছে আদালত। ফলে আপাতত ওই পদে কেউ নেই। আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

এই রায়ের পরেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয় তৃণমূলের দুই গোষ্ঠী। দলের নাম, সাংগঠনিক পরিচয় এবং জোড়াফুল প্রতীকের মালিকানা নিয়ে দুই শিবিরের বিরোধের শুনানি ছিল শুক্রবার। কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আদালতের রায় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ঋতব্রত।

তিনি বলেন, বিচারপতির রায় নিয়ে প্রশ্ন তোলার কোনও এক্তিয়ার তাঁদের নেই। বিষয়টি ফের স্পিকারের কাছে গিয়েছে বলেও জানান তিনি। ঋতব্রতর বক্তব্য, গত ৩ জুন দলের মধ্যে কোনও বিরোধ ছিল না। সেই সময় পরিষদীয় দলের মধ্যে সই জালিয়াতির মতো অভিযোগ উঠেছিল। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সশরীরে উপস্থিতির ভিত্তিতেই স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি তাঁর।

ঋতব্রত আরও জানান, ২২ জুন নভোটেলে বিশেষ অধিবেশনের মাধ্যমে অরূপ রায়কে তাঁদের গোষ্ঠীর চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছিল। এরপর নির্বাচন কমিশনের কাছে গিয়ে তাঁরা দলের নাম ও প্রতীক নিয়ে বিরোধের বিষয়টি জানান। তাঁর কথায়, এই মুহূর্তে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুটি ভাগ রয়েছে।

স্পিকার যখনই ডাকবেন, তখনই সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে তাঁর কাছে হাজির হবেন বলেও জানিয়েছেন ঋতব্রত। সোমবার বা মঙ্গলবার, যে দিনই সময় দেওয়া হোক, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কেরা যাবেন বলে জানান তিনি। স্পিকার যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেওয়ার কথাও বলেছেন ঋতব্রত।

হাই কোর্টের রায়কে কালীঘাট শিবিরের জয় বলে দাবি করা হচ্ছে। সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে ঋতব্রত বলেন, “অবোধের গোবধে আনন্দ।” এরপর শরৎ, শীত এবং হেমন্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মুহুরিদের পক্ষে বোঝা-জানা মুশকিল।” তাঁর এই মন্তব্যের লক্ষ্য কাদের দিকে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে আদালতের ভিতরে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে বলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নথি জমা না দেওয়া নিয়ে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবেও সরব হন ঋতব্রত। তাঁর দাবি, কেন নথি দেওয়া হয়নি, তা নির্বাচন কমিশনকে আগেই জানানো হয়েছে। একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে এবং ভয় দেখিয়ে সই করানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ওই বিধায়কেরা পরে থানায় এফআইআর বা অভিযোগও করেছেন বলে দাবি তাঁর। সেই সমস্ত বিষয় কমিশনকে জানানো হয়েছে বলেও জানান ঋতব্রত।

এরপরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “এটারই ভয় ছিল।” ঋতব্রতর বক্তব্য, অতিরিক্ত সময় পাওয়ার কারণে বহু নেতা-কর্মী থানায় একের পর এক অভিযোগ জানিয়েছেন। তাই নথি জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা ছিল, তা এখন আর নেই। প্রয়োজনীয় নথি দিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, আদালতের নির্দেশে বিরোধী দলনেতার পদ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনে জোড়াফুল প্রতীক ও দলের নামের মালিকানা নিয়ে দুই শিবিরের লড়াইও অব্যাহত। ফলে আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন এবং কমিশন কোন গোষ্ঠীর দাবিকে স্বীকৃতি দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর