নজরবন্দি ব্যুরো: রিঙ্কুর বাবা খানচন্দ সিং এলাকায় গ্যাস সিলিণ্ডার দিয়ে বেরাতেন। বাড়িতে পাঁচ ছেলে মেয়ে। সংসারে ছিল প্রচণ্ড অভাব। তবুও ছেলের ক্রিকেটার হবার স্বপ্নকে যত্নে লালন করে গিয়েছেন খানচন্দ। আজ সেই রিঙ্কু সিং ভারতীয় দলের খেলোয়াড়। রিঙ্কুকে চেনেন প্রায় সমস্ত দেশবাসী। রবিবার একটি ছবি পোস্ট করে নেটাগরিকদের মন জিতে নিলেন ভারতের বাঁ-হাতি এই মারকুটে ব্যাটার। ব্যাপারটা কী?
আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের তরুণ দল নিয়ে চিনে উড়ে যাবেন ‘কোচ’ ভিভিএস লক্ষ্মণ
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিঙ্কু সিং। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বাবা ও মায়ের গায়ে ভারতীয় ক্রিকেট দলের পোশাক। ক্যাপশনে ভারতের তরুণ তুর্কি লিখেছেন, “যাদের কারণে এই সব কিছুর শুরু, যেখান থেকে সব কিছুর শুরু।“ আসলে ‘যেখান থেকে সব কিছুর শুরু’ বলতে রিঙ্কু বুঝিয়েছেন তাঁদের পুরোনো বাড়িকে। আর, যাদের জন্য মানে কী সেটা বলার অপেক্ষা রাখে না! রিঙ্কুর এই ছবি দেখে কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। ঝুড়ি ঝুড়ি শুভেচ্ছা জানাতেও ভোলেননি তাঁরা। অনেকে আবার, রিঙ্কুর মতো সন্তানকে কুর্নিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং প্রথমবারের জন্য সুযোগ পাওয়ার পরেও রিঙ্কু বাবা-মাকেই স্মরণ করেছিলেন। তিনি বলেছিলেন, “আজ আমার মায়ের স্বপ্ন পূরণ হল।“ সদ্য আয়ারল্যান্ড সফর শেষ করে বাড়ি ফিরেছেন রিঙ্কু। সঙ্গে বাবা-মায়ের জন্য অন্য কী উপহার এনেছেন জানা নেই, তবে, ভারতীয় দলের দুটি জার্সি আনতে ভোলেননি তাঁদের সংগ্রামী ছেলে। আসলে সাফল্যের পরেও যারা নিজেদের অতীতকে, বাবা-মাকে ভোলেন না, তাঁরাই বোধহয় ‘রিঙ্কু সিং’ হয়!

যে বাবা-মা শত অভাবেও ছেলের স্বপ্নকে নষ্ট হতে দেননি, আজ তাঁদের গায়েই ভারতের জার্সি তুলে দিয়ে মন জিতে নিলেন রিঙ্কু
![]()



