সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে রবিবার শপথ নিতে চলেছেন তেলেগু দেশম পার্টির সাংসদ রাম মোহন নায়ডু। বয়স মাত্র ৩৬ বছর। এই নিয়ে তিন বার নির্বাচন জিতলেন তিনি। ২০১৪ সালে ২৬ বছর বয়সে প্রথমবার সাংসদ হন। এবারেও অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এবং ৩ লক্ষ ২৭ হাজারের বেশি ভোটে জেতেন। পার্লামেন্টে তুখোড় বক্তৃতা রেখে ২০২০ সালে পান ‘সাংসদ রত্ন’ পুরস্কার।
আরও পড়ুন: সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে, হবু মন্ত্রীদের ১০০ দিনের ‘টার্গেট’ বেঁধে দিলেন মোদী
কেন্দ্রে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে, সরকার গঠনের জন্য অনেকটাই শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। তেলেগু দেশম পার্টি রয়েছে এনডিএ-এর সমর্থনে। দলের সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু মোদীর পাশেই থাকবেন বলে জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও স্পিকার পদের দাবি রেখেছেন তিনি। তাঁরই দলের সাংসদ রাম মোহন নায়ডু। তিনি যে মন্ত্রী হতে চলেছেন তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

রাম মোহন নায়ডু হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে. ইয়েরান নাইডুর পুত্র। তিনিও ১৯৯৬ সালে সর্বকনিষ্ঠ মন্ত্রী হয়েছিলেন। রাম মোহন পারডু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিয়ারিংয়ে স্নাতক হন এবং পরবর্তীতে লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেন। এরপর তিনি সিঙ্গাপুরে নিজের কর্মজীবন শুরু করেছিলেন।
কিন্তু, ২০১২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় তাঁর বাবা কে. ইয়েরান নাইডুর মৃত্যু হলে রাম মোহন দেশে ফেরেন এবং রাজনীতিতে যোগ দেন। মাত্র বছর দুয়েকের মধ্যেই তিনি সাংসদ নির্বাচিত হন, শ্রীকাকুলাম থেকে। সেবারও তিনিই ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ। এরপর ২০১৯ ও ২০২৪ সালেও নির্বাচনেও আসে সাফল্য।
বয়স মাত্র ৩৬, তিন বারের সাংসদ, মোদীর মন্ত্রীসভায় এবার সর্বকনিষ্ঠ তিনিই

রাম মোহন চন্দ্রবাবু নায়ডুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। তিনি টিডিপির জাতীয় সাধারণ সম্পাদক পদেও ছিলেন। চন্দ্রবাবু যখন গ্রেফতার হন তখন তিনি দিল্লিতে নারা লোকেশের সাথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার এনডিএ সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন রাম মোহন নায়ডু।



