নজরবন্দি ব্যুরোঃ গাড়িতে ইটবৃষ্টি, কামারহাটিতে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চম দফা নির্বাচনেও একের পর এক হিংসার ঘটনার সাক্ষী থাকল বাংলা। সকাল থেকেই হিংসা মারামারি বোমাবাজির একের পর এক ঘটনার খবর আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে।
আরও পড়ুনঃ বোমার ঘায়ে জখম দলীয় কর্মী, উত্তপ্ত গয়েশপুরে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ বিজেপির।
আর এবার আক্রান্ত হলেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে তাঁর বিরোধী প্রার্থী হেভিওয়েট মদন মিত্র। বিজেপি-র অভিযোগ, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরাই রাজুর গাড়ি লক্ষ্য করে ইট মেরে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। এমনকি, বোমাবাজিও করে। এই ঘটনায় রাজুও আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিজেপি। রাজুর ইঙ্গিত, কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রই এই হামলার পিছনে রয়েছেন।
শনিবারই নির্বাচন কমিশনের কাছে এই হামলার অভিযোগ করেছেন রাজু। বিজেপি সূত্রের খবর, শনিবার ভোট চলাকালীন বেলঘরিয়া ব্রিজের উপরে রাজুর গাড়িতে ইট মারা হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই ঘটনায় রাজুর গাড়ির সামনের দিকের কাচ ভেঙে গিয়েছে। রাজুর ডান হাতে চোট লেগেছে বলেও দাবি বিজেপি-র। ঘটনার পর সংবাদমাধ্যমের কাছে রাজু বলেন, ”সকাল থেকে কামারহাটির ভোটে অশান্তি ছড়াচ্ছেন মদন মিত্র।” তাঁর দাবি, বহিরাগতদের এনে এলাকায় হামলা করানো হচ্ছে।
গাড়িতে ইটবৃষ্টি, কামারহাটিতে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে। তবে সব অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তারা বলেছেন ভোটে জিততে পারবেন না জেনেই এইসব নাটক করছেন রাজু। ভোট মিটে গেলেও বিজেপি-তৃণমূল সংঘর্ষ নিয়ে উত্তপ্ত কামারহাটি।



