৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অবশেষে স্বস্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। আদালতের নির্দেশ মেনে আড়াই কোটি টাকা জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। সোমবারই তিহার জেল থেকে মুক্তি পান অভিনেতা, আর এই খবরে শোরগোল পড়েছে বলিউড মহলে।
আইনজীবী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়ার পরই আদালত তাঁর জামিন মঞ্জুর করে। সর্বশেষ কিস্তিতে ১.৭৫ কোটি টাকা জমা দেন রাজপাল। এর আগে তিনি ৭৫ লক্ষ টাকা শোধ করেছিলেন। সব মিলিয়ে মোট আড়াই কোটি টাকা জমা পড়তেই মিলেছে জামিনের স্বস্তি।


এই কঠিন সময়ে বলিউডের একাংশ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তাঁদের সহযোগিতাতেই চেক বাউন্স মামলার বকেয়ার একটি বড় অংশ শোধ করতে পেরেছেন তিনি। যদিও আইনি লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি, তবু আপাতত জামিনে মুক্ত হয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজপাল।
রবিবার এক্স-এ রাজপালকে নিয়ে পোস্ট করেন প্রযোজক বিজেন্দ্র। সেখানে তিনি লেখেন, “আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি তাঁর অভিনয়ে মানুষকে হাসিয়েছেন। আমার পরের ছবিতে তাঁকে নিতে চাই।” ছবিটির পরিচালক সঞ্জু সাইনি।
বলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগন, সোনু সুদ, গুরমিত চৌধুরি এবং গায়ক মিকা সিং। আর্থিক সঙ্কটের সময় তাঁরা সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গেছে।


রাজপাল যাদবের আর্থিক সমস্যার সূত্রপাত ২০১২ সালে। সে বছর তিনি পরিচালনা করেছিলেন ‘আতা পাতা লাপাতা’ ছবিটি। সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় ধীরে ধীরে দেনার পরিমাণ বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছয়। ২০২৪ সালে মামলায় ফের দোষী সাব্যস্ত হলেও তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত রাখা হয়, যাতে তিনি বকেয়া মিটিয়ে সমঝোতায় পৌঁছতে পারেন।
তবে দীর্ঘদিন বকেয়া শোধ না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অবশেষে আদালতের নির্দেশ মেনে আড়াই কোটি টাকা জমা দেওয়ার পর মিলেছে জামিন। আপাতত আইনি লড়াই চললেও অভিনেতার মুক্তিতে স্বস্তি ফিরেছে তাঁর অনুরাগী মহলে।








