নজরবন্দি ব্যুরোঃ ঘরে ফিরতে অভিষেকের দুয়ারে, মানুষের জন্যে মন কাঁদছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। মুকুলের পর তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরছেন তৃণমূলে। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। বিজেপিকে কার্যত দুরমুশ করে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর এই বিপুল জয়ের পরেও একগুচ্ছ দলবদলুদের প্রতি দয়া দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। জয়ের পর সাংবাদিক সম্মেলনে তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান “আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত”।
আরও পড়ুনঃ সিপিআইএম সহ দেশের ৪ বাম দল চিনের দালাল, বিস্ফোরক প্রাক্তন বিদেশসচিব


রাজ্যে ভোট পর্ব চলাকালীন এবং তাঁর আগে যারা তৃণমূল ছেড়ে মানুষের জন্যে কাজ করার তাগিদে যোগ দিয়েছিলেন বিজেপিতে তাঁদের মধ্যে অনেকে ইতিমধ্যেই দল ছেড়েছেন। অনেকে আবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। উলটো সুরে গান গেয়েছেন, বিদায়ী কলার টিউন বাজিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও। পিতা পুত্র যোগ দিয়েছেন তৃণমূলে। তবে রাজীব অনেকদিন ধরে চেষ্টা চালালেও দিদির দয়া পাননি এখনও!
রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার বিষয়ে সবচেয়ে অন্তরায় হাওড়ার তৃণমূল নেতারা। রাজীবের বিশ্বাসঘাতকতা ভুলতে পারেন নি অরূপ রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। তাই এবার ঘরে ফিরতে অভিষেকের দুয়ারে গেলেন রাজীব। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন রাজীব। সেখানে বৈঠক হয় পাক্কা ৩০ মিনিট। সূত্রের খবর নিজের বিজেপি যোগদান ভুল ছিল বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন বনমন্ত্রী। তিনি দিদির ছত্রছায়ায় থেকে মানুষের জন্যে কাজ করতে চান।



তবে কি খুব তাড়াতাড়ি রাজীব কে দেখা যাবে ঘাস্ফুল শিবিরে? এই বিষয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল জানিয়েছেন, রাজীবের সঙ্গে অভিষেকের এই সাক্ষাতের খবর তিনি আগে থেকেই জানতেন। রাজীবের বিজেপিতে যোগদান ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।
রাজীব কে দলে নেওয়া হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলের খারাপ সময়ে দলকে ছেড়ে যাওয়া ব্যক্তিদের দলে ফেরানো নিয়ে দ্বিধাবিভক্ত ঘাসফুলের অন্দরমহল। তাই পরবর্তীতে দল আলোচনা করে তবেই নিজেদের সিদ্ধান্ত জানাবে বলেই সূত্র মারফত খবর।
ঘরে ফিরতে অভিষেকের দুয়ারে, মানুষের জন্যে মন কাঁদছে রাজীবের!








