ফাল্গুনের শেষ লগ্নে ফের বদলাচ্ছে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে আবহাওয়ার আমেজেও আসতে পারে বড় পরিবর্তন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেলের দিকে কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহরের আকাশ মূলত মেঘলা থাকবে, তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।


তবে রবিবার থেকে ফের সক্রিয় হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি থাকতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে।
এ ছাড়াও রবিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও হুগলি জেলায়।


এই সব জায়গায় বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাপমাত্রার ক্ষেত্রেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না, তবে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তিন দিন পর আবার পারদ কিছুটা নামতে পারে।
উত্তরবঙ্গেও আবহাওয়া অস্থির থাকবে। বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতি ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।
এদিকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



