নজরবন্দি ব্যুরোঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতা হলেন দেব এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দু’জনেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও দেবের মতো রাহুলকে এখন আর সেভাবে বড়পর্দায় দেখা যায় না। বরং ছোটপর্দার পরিচিত মুখ হয়ে গিয়েছেন তিনি। ‘দেশের মাটি’, ‘লালকুঠি’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতাকে দেখেছেন দর্শকরা।
আরও পড়ুনঃ বাড়ি ছেড়ে হোটেলে রয়েছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি! কিন্তু কেন?
কিন্তু এবার এই দুই অভিনেতার মধ্যে লাগলো বিতর্ক। সম্প্রতি দেব ঘোষণা করেছেন যে তিনি এবার ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। দেবের এই গোয়েন্দা চরিত্রে অভিনয় নিয়েই কটাক্ষ করেছেন রাহুল। ব্যোমকেশ বক্সির চরিত্রে কখনও উত্তমকুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে।

দেবের ব্যোমকেশ চরিত্রে অভিনয় নিয়ে রাহুল তাঁর ফেসবুকে লিখেছেন “খুশবন্ত সিংয়ের জোক: দুই পাঞ্জাবি দাবা খেলছে। আর বাঙালির জোক: দেব ব্যোমকেশ।” যা নিয়ে তোলপাড় টলিপাড়া। এরপরই রাহুলের নাম না করে পালটা পোস্ট করেন প্রযোজক রাণা সরকার। ‘দেব ব্যোমকেশ ও আঁতেল বাঙালির হাহাকার’ নামে দীর্ঘ বিবৃতির মাঝে তিনি লেখেন,

“চিড়িয়াখানায় মানিকবাবু তাও উত্তমকুমারের ক্যারিশ্ম্যাটিক স্ক্রিন প্রেজেন্সকে ব্যবহার করে কিছুটা স্বস্তি দিয়েছেন দর্শককে। কিন্তু ঋতুপর্ণ ঘোষ যখন সত্যান্বেষী বানালেন সুজয় ঘোষকে ব্যোমকেশ করে তখন এইসব আঁতেল বাঙালি টুঁ শব্দটি করার সাহস দেখাননি। ওই দু’টি ব্যোমকেশ গোত্রীয় সিনেমা যে আদপেই কোনও শিল্প নয় এটা বলার সৎসাহস দেখানোর মতো ধক কারও ছিল না।”
দেবের ব্যোমকেশ হওয়া নিয়ে রাহুলের কটাক্ষ, তোলপাড় টলিপাড়া

নিজের বক্তব্যের শেষে আবার তিনি লেখেন, “দেবের ব্যোমকেশ ভাল না খারাপ দর্শক বুঝে নেবে, ফিল্ম দুনিয়ার আতেঁল বাঙালি চাপ নেবেন না। জয় ব্যোমকেশ, জয় দেব।”






