সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় সংহতি যাত্রায় বেরোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক সার্কাসের ময়দান থেকে একযোগে আক্রমণ করেন বাম ও কংগ্রেসকে। লোকসভায় যে ‘ইন্ডিয়া’ জোট গঠিত হয়েছে, সেই জোট নাকি সিপিআইএমের নিয়ন্ত্রণে! আর কংগ্রেস সম্পর্কে তৃণমূলনেত্রীর অভিযোগ, হাত শিবির আসন বন্টন বিষয়ে মমতার পরামর্শ শোনেনি। এবার মমতার এই কটাক্ষ প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন: প্রশ্নের মুখে INDIA জোট, মমতার বাম-নিন্দার পাল্টা জবাব সেলিমের


এই মুহূর্তে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে অসমে রয়েছেন রাহুল গান্ধী। সোমবারের পর মঙ্গলবারও কংগ্রেসের মিছিল বাধার সম্মুখীন হয়। অবস্থান বিক্ষোভে বসেন রাহুল। এরপর সাংবাদিক সম্মেলনে আসলে তাঁকে মমতার করা মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হয়। উত্তরে ঠিক কী বলেছেন রাহুল?

রাহুলের সাফ কথা, “মমতাজির সঙ্গে আমার ও দলের সম্পর্ক খুবই ভালো। আসন সমঝোতা নিয়েও কথা চলছে। হ্যাঁ, কখনও কখনও ওনাদের দলের কেউ মন্তব্য করেন, আমাদের দলেরও কেউ মন্তব্য করেন। এটা কোনও বড়ো ব্যাপার নয়।”



যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “আগামী দিনে বাংলার রাজনীতিতে বিজেপি বনাম মমতা করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপিকেও লাভ পাওয়াতে চাইছেন এবং নিজেও লাভ পেতে চাইছেন। এর আগে ২০১৯-২০২১ সালে একই ঘটনা ঘটে। আদতে বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মনে হয়েছে এখন কংগ্রেসের সঙ্গে যাওয়া বোকামি। সিপিআইএম একটা বাহানা। যেদিন মমতা দেখলেন সিপিআইএম মাতব্বরি করছে সেদিন কেন প্রতিবাদ করে বেরিয়ে আসেননি।”
ব্যক্তিগত সম্পর্ক ভালো, আসন সমঝোতাও হবে, মমতার কটাক্ষের পরেও সুর নরম রাহুলের

মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছিলেন বাম-কংগ্রেস সম্পর্কে? তৃণমূলনেত্রীর অভিযোগ ছিল, “জোটের বৈঠক হয় সিপিআইএম নেতাদের নেতৃত্বে। যে সিপিআইএমের বিরুদ্ধে ৩৪ বছর ধরে ল়ড়াই করলাম, তাঁদের পরামর্শ শোনা আমার পক্ষে সম্ভব নয়৷ প্রচুর অসম্মানিত হতে হয় আমাকে৷ আর কংগ্রেসকে আমি বলেছিলাম তোমরা সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দাও, বাকী জায়গায় লড়ুক আঞ্চলিক দলগুলি। আমরা সাহায্য করব৷ ওরা আমার কথা মানেনি। শুধু আমাদেরকেই কেন সব কথা মানতে হবে!”







