নজরবন্দি ব্যুরোঃ সর্বজ্ঞ সরকারের সীমাহীন অহংবোধ। #ActOfModi’ ব্যাপক আক্রমণ রাহুলের। প্রতিবাদী আট সাংসদের শাস্তি এবং রাজ্যসভায় ধ্বনিভোটে কৃষি বিল পাশ করানো প্রসঙ্গে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। বিরোধীদের ভোটাভুটির দাবি উপেক্ষা করে রবিবার রাজ্যসভায় ধ্বনিভোটে বিতর্কিত দু’টি কৃষি বিল পাশ করিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।
এই বিল নিয়ে চাপান উতোর চলছে সারা দেশ জুড়ে। রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সাতভ সহ প্রতিবাদী আট জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়েই এবার প্রধানমন্ত্রী কে আক্রমণ শানালেন রাহুল গান্ধী।
সর্বজ্ঞ সরকারের সীমাহীন অহংবোধ। গতকাল কেন্দ্রের কৃষি বিলকে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’ বলে অভিহিত করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আর আজ তিনি ট্যুইটে লেখেন, ‘‘গণতান্ত্রিক ভারতের রূপান্তর প্রক্রিয়া অব্যাহত। প্রথমে চুপ করিয়ে। এর পর সাংসদদের সাসপেন্ড করে, কৃষকদের অন্ধকারে রেখে কালা আইন পাশ করিয়ে। এই সর্বজ্ঞ সরকারের সীমাহীন অহংবোধ দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।’
উল্লেখ্য, কৃষিবিল পাশ করা নিয়ে সংশয় আগেই ছিল। কিন্তু তার চিত্রটা যে এমন হবে সেটা জানা ছিল না অনেকেরেই । বিল পেশ নিয়ে রবিবার রাজ্যসভার অধিবেশনে দেখা গেল পুরনো ছবি । বিরোধীদের তুমুল প্রতিবাদ আর হইচই য়ের মধ্যেই নরেন্দ্র মোদী সরকার সংসদের উচ্চকক্ষে পাশ করিয়ে নিল কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত দু’টি বিতর্কিত বিল।
যদিও এদিন সকালে বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যে রাজ্যসভায় বিল পেশ করে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বলেন, ‘‘কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার পথে এই বিল কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না।’’ বিল পাশ হওয়ার পরে বিজেপি সভাপতি জে পি নড্ডার মন্তব্য, ‘‘নরেন্দ্র মোজীজির নেতৃত্বে ভারতীয় কৃষকেরা ৭০ বছরের বঞ্চনা থেকে মুক্তি পেলেন।’’ অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, এই বিল আসলে ‘কৃষকদের মৃত্যু পরোয়ানা’। বিতর্কে অংশ নিয়ে রাজ্যসভার ডিএমকে সাংসদ টি কে এস ইলানগোভানের মন্তব্য, ‘‘ওই কৃষি বিল ফের চাষিদের ক্রীতদাসে পরিণত করবে।’’



