অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশনের প্রথম দু’দিন সাংসদদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ তৃতীয় দিন ছিল স্পিকার নির্বাচনের পালা। ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে অভিনন্দন জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। হাত মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।
আরও পড়ুন: Lok Sabha Speaker Election 2024, জয়ী NDA-র ওম বিড়লা, ধ্বনিভোটে পরাজিত INDIA-র সুরেশ
সংসদের নিয়মানুযায়ী, লোকসভার দলনেতা ও বিরোধী দলনেতা স্পিকারকে তাঁর অভ্যর্থনা জানান এবং তাঁর হাতে লোকসভা পরিচালনার দায়িত্ব তুলে দেন। এবারের লোকসভার দলনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁরাই এদিন ওম বিড়লাকে স্পিকারের আসনে পৌঁছে দেন। রাহুল গান্ধি স্পিকারকে অভিনন্দন জানানোর সঙ্গেই বলেছেন, “আশা করব, আপনি বিরোধীদের বলার সুযোগ করে দেবেন এবং সংবিধানকে রক্ষা করবেন।”



শাসকদলের মনোনীত প্রার্থী ওম বিড়লার বিপরীতে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। ঠিক সকাল ১১টা থেকে সংসদে এই স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কে সুরেশকে নির্বাচিত করার পক্ষেও প্রস্তাব দেন একে একে বিরোধী সাংসদরা। তবে ভোটাভুটির আগেই শাসকদলের প্রার্থীকে স্পিকার হিসেবে ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভতৃহরি মহতাব। এই নিয়ে প্রতিবাদে সরব হন বিরোধীরা।
ওম বিড়লাকে অভিনন্দন, মোদির সঙ্গে হাত মেলালেন রাহুল



তবে বিরোধীরা স্পিকার নির্বাচনে লড়াই করলেও ভোটাভুটি চায়নি। প্রোটেম স্পিকার তাই ধ্বনী ভোটে ওম বিড়লাকে স্পিকার পদে বেছে নেন। যদিও এনডিএ প্রার্থী বিড়লার জয় নিয়ে কোনও সংশয় ছিল না। এনডিএ-র মোট সদস্য সংখ্যা ২৯৩জন। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ঘোষণা করে তাদের চারজন সাংসদ এনডিএ প্রার্থী ওম বিড়লাকে সমর্থন করবে। ফলে ভোটাভুটি হলে বিড়লা ২৯৭টি ভোট পেতেন।
অন্যদিকে, ইন্ডিয়া জোটের হাতে থাকা ২৩৬-এর থেকে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা ছিল কে সুরেশেরও। একাধিক ছোট দল ও নির্দলেরা সুরেশকে সমর্থনের কথা জানিয়েছিল। কিন্তু সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক ভোটাভুটি চায়নি।







