গ্রুপের তিনটি ম্যাচ জিতে প্যারিস অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এবার থেকে নক-আউট পর্ব শুরু। সিন্ধুকে নিয়ে ভারতের প্রত্যাশা অনেক। এখনও পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করেছেন তিনি। এখনও পর্যন্ত ভারত দু’টো পদক জিতেছে, দুটিই ব্রোঞ্জ।
বুধবার লা চ্যাপেল এরিনায় এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবার বিরুদ্ধে খেলতে নামেন পিভি সিন্ধু। প্রথম গেম ২১-৫ পয়েন্টের ব্যবধানে জিতে নেন ভারতীয় তারকা। এর পর দ্বিতীয় গেম সিন্ধু জিতেন ২১-১০ পয়েন্টে। প্রথম গেমটি মাত্র ১৪ মিনিটেই জিতে নেন সিন্ধু! দ্বিতীয় গেমে ক্রিস্টিন কুবা কিছুটা লড়াই দেখালেও সিন্ধুর সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। মোট ৩২ মিনিটে ম্যাচ জিতে নেন সিন্ধু। সরাসরি পৌঁছে গেলেন নক আউটে।

পিভি সিন্ধুর পাশাপাশি ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার তৃতীয় বাছাই জোনাথান ক্রিস্টিকে ২১-১৮, ২১-১২ পয়েন্টের ব্যবধানে হারালেন তিনি। অন্যদিকে, আরও একটি শুটিংয়ের ফাইনালে ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ৫৯০ পয়েন্ট নিয়ে ফাইনালে পৌঁছেছেন স্বপ্নিল কুসলে। তিনি শেষ করেছেন সপ্তম স্থানে।
আজ ভারতের বেশ কিছু খেলা রয়েছে। রাতে ব্যাডমিন্টনে নামবেন এইচএস প্রণয়। তার আগে গত অলিম্পিক্সের পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁইকে আজ দেখা যাবে। তরুণদীপ রাই নামবেন তিরন্দাজিতে।কলকাতার ছেলে অনুষ আগরওয়াল ইকোয়েস্ট্রিয়ান ইভেন্টে নামবেন আজই। এছাড়াও রোয়িং, শুটিং, ৫০ মিটার রাইফেল, টেবিল টেনিসের মতো ইভেন্টেও ভারতীয়দের দেখা যাবে।



