আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘিরে প্রতিবাদে তোলপাড় সারা শহর৷ বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের কাছে৷ বুধবার সকালেই রাজ্যে এসে গিয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ তার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে৷

অপরদিকে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আজ রাতে রাজ্যের মহিলারা পথে নামছেন। যে আন্দোলন গোটা বাংলাজুরে শুরু হয়েছে। সেই আন্দোলনকেই পরোক্ষে ভাবে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাকে যত পারেন অসম্মান করুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না।’’
আরজি করের ঘটনার নিন্দা করে তৃণমূল নেতারা প্রথম থেকেই একযোগে আক্রমণ করছেন বিজেপি এবং সিপিএমকে। সমাজমাধ্যমের বিভিন্ন পোস্টে তাঁদের বক্তব্য, কলকাতা তথা বাংলা দেশের মধ্যে অন্যতম নিরাপদ স্থান। একটি ঘটনাকে কেন্দ্র করে শহরের বদনাম করা হচ্ছে এবং নেপথ্য রয়েছে বিরোধী রাজনৈতিক দলের মদত। বুধবার মমতা যেন সেই সুরেই সুর মেলালেন।

বাংলাকে অসম্মান না করার আর্জি জানালেন আন্দোলনকারীদের কাছে। উল্লেখ্য, আজ স্বাধীনতা দিবসের আগের রাতে, সেই নৃশংস হত্যার প্রতিবাদে বাংলায় ‘মেয়েরা রাত দখল করো’র ডাক। সেই ডাকে কলকাতা থেকে জেলা ছাড়িয়ে ডাক পৌঁছেছে দেশের নানান প্রান্তে… সর্বত্র রয়েছে প্রতিবাদ মিছিল। তীব্র প্রতিবাদে আজ গলা ফাটাবে কল্লোলিনী তিলোত্তমা। গর্জে উঠেছে চুঁচুড়া থেকে সোদপুর। সঙ্গে গোটা বাংলা।









