নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা একাধিক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে রাজ্যের প্রথম সারির ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ দীর্ঘদিনের। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূলপন্থী শিক্ষক-অশিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা বিক্ষোভে নামলেন। অরবিন্দ ভবনের সামনে থেকে কালো পতাকা নিয়ে স্বপ্নদীপের মৃত্যুর বিচারের দাবি জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি


গত বুধবার হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু। পরিবারের অভিযোগ, তাঁদের ছেলে র্যাগিংয়ের শিকার। নগ্ন অবস্থায় ছাত্রের দেহ পাওয়া যাওয়ায় প্রশ্ন উঠছে, তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন কিনা। এই ঘটনায় ইতিমধ্যেই সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামের তিন জন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের মধ্যে সৌরভ চৌধুরী প্রাক্তনী হয়েও হস্টেলেই থাকতেন। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যকে ভালোবেসে বাংলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন স্বপ্নদীপ কুণ্ডু। মাত্র তিন দিন হস্টেলে ছিলেন তিনি। কিন্তু সিনিয়রদের র্যাগিংয়ে অতিষ্ট হয়ে ওঠেন। এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। বারান্দা থেকে স্বপ্নদীপ পড়ে গিয়েছিলেন বা তাঁকে বাধ্য করা হয়েছিল, নাকি ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, সব কিছুই তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর সময় স্বপ্নদীপের বয়স হয়েছিল ১৭ বছর ৯ মাস ৯ দিন। তিনি নাবলক ছিলেন। শিশু সুরক্ষা কমিশন যে কারণে ‘পকসো’ ধারায় মামলার অনুরোধ জানিয়েছে।



আজ, তৃণমূলপন্থী ছাত্র শিক্ষকরা দাবি করেছেন, যত দ্রুত সম্ভব স্বপ্নদীপ ‘হত্যা’র বিচার চাই। এর আগেও ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে আপত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের, এতে নাকি যাবদপুরের ‘মুক্তাঞ্চল’ ভাবমূর্তির ক্ষতি হত। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়েছে বলেও অভিযোগ এনেছেন তাঁরা। কম লোকে এই বিশাল বিশ্ববিদ্যালয় কীভাবে চালানো সম্ভব সেই প্রশ্নও তুলেছেন একাংশ। রবিবার, বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (ABVP) অভিযোগ তোলে, বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের (SFI) মদতেই নাকি যাদবপুর ক্যাম্পাসে র্যাগিং চলে এবং ‘রাজনীতি’ করার সুবাদেই প্রাক্তনীরা হস্টেলে থেকে গিয়ে ‘দাদাগিরি’ চালান জুনিয়রদের ওপর।

ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল যাদবপুর, ক্যাম্পাসে তৃণমূলপন্থীদের বিক্ষোভ








