নজরবন্দি ব্যুরো: যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু বাংলায় সাড়া ফেলে দিয়েছে। র্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছে সব মহল। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই মামলার জল গড়াল আদালতেও। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়। এই আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে নয়া মোড়! স্বপ্নদীপকে সইয়ের জন্য বাধ্য করা হয়, চিঠি লেখে ‘দাদা’রা


আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সোমবার র্যাগিংয়ের বিরোধিতায় হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলাকারীর আবেদন, র্যাগিংয়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের নির্দেশে আর.কে. রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে তা যত দ্রুত সম্ভব প্রয়োগের ব্যবস্থা করা হোক। অভিযোগ, কোনও বিশ্ববিদ্যালয়েই র্যাগিং বিরোধী নির্দেশিকা মানা হচ্ছে না। প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে গাইডলাইন কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি। গত বুধবার রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের পাশে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে কারণ হিসেবে র্যাগিং তত্ত্ব উঠে এসেছে।

এই ঘটনায় পুলিশ প্রথমে সৌরভ চৌধুরীকে (যাদবপুরের প্রাক্তন পড়ুয়া) গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার ভোর রাতে দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া মনতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে গ্রেফতার করে। মনতোষের ঘরেই গেস্ট হিসেবে ছিল স্বপ্নদীপ। এমনকি নিহত ছাত্রের বাবা অভিযোগ করতে গিয়েও এই পড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন। বিবার নিহত পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী রবিবার নদিয়ায় স্বপ্নদীপের বাড়িতে গিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুকে পকসো আইনের অধীনে আনার দাবি করে কমিশন।



উল্লেখ্য, কেরলের একটি ঘটনার প্রেক্ষিতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আর.কে. রাঘবন কমিটি অ্যান্টি র্যাগিং নিয়ে বেশ কিছু সুপারিশ করে। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন মামলাকারী। কমিটির রিপোর্টে হস্টেলের সিনিয়রদের থেকে জুনিয়রদের আলাদা রাখার কথাও বলা হয়েছিল। পাশাপাশি জুনিয়রদের জন্য যথাযোগ্য নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়টিকেও উল্লেখ করা হয়।
যাদবপুরকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি








