নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নজির গড়েছে বাংলায়। সরকারের দুর্নীতির কারণে পথে বসে দিন কাটাতে হচ্ছে অপেক্ষারত চাকরি প্রার্থীদের। এখন সরকারের সদর্থক পদক্ষেপ এবং আদালতের হস্তক্ষেপ একমাত্র তাঁদের কাছে আশার আলো। তবুও সরকারের টনক নাড়াতে সোমবার শহর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে চাকরি প্রার্থীদের ৯ টি আন্দোলন মঞ্চ।


৯ টি সংগঠনের মহাজোটের পক্ষ থেকে শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল অবধি বিরাট মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে উপস্থিত হয়েছে বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ। চাকরি প্রার্থীদের বক্তব্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন মিছিলের ডাক দেওয়া হয়েছে। মহামিছিলে চাকরি প্রার্থীদের মহাজোট, শিয়ালদহ থেকে এই মিছিল থেকে সরকারের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিতে চান আন্দোলনরত চাকরি প্রার্থীরা।

চাকরি প্রার্থীদের অভিযোগ, দুর্নীতির কারণে বারবার বঞ্চনার শিকার হয়েছে তাঁরা। শহরের একাধিক প্রান্তে কখনও অনশন কর্মসূচি, আবার কখনও অবস্থান বিক্ষোভের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এই চাকরি প্রার্থীরা। তাঁদের মধ্যে কেউ কেউ ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে প্রায় ৬৫০ দিন ধরে আন্দোলন করছেন। আবার কারোর আন্দোলন ১০০ দিন অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে নিয়োগ নিয়ে বারবার প্রতিশ্রুতি মিলেছে মুখ্যমন্ত্রী ও শাসক দলের তরফে। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। তাই শান্তিপূর্ণ অবস্থান থেকেই বার্তা দিয়েছেন তাঁরা।
মহামিছিলে চাকরি প্রার্থীদের মহাজোট, উপস্থিত বুদ্ধিজীবীরাও

তাঁদের প্রশ্ন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে? দীর্ঘ সময় ধরে বঞ্চনার পর সরকারের টনক কবে নড়বে? তাই পথে নেমে ফের সরকারের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে চায় চাকরি প্রার্থীদের মহাজোট। এতদিন ধরে চাকরি প্রার্থীদের আন্দোলনমঞ্চে বুদ্ধিজীবীদের উপস্থিউত থাকতে দেখা গিয়েছিল। আজ মিছিলে শামিল হচ্ছেন তাঁরাও।









