“মৃত্যুর পরে যেন কাউকে লড়তে না হয়”—রাহুলকে হারিয়ে অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা

রাহুল অরুণোদয়ের মৃত্যুর ১০ দিন পর নীরবতা ভেঙে প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা। ইন্ডাস্ট্রির ঐক্যকে কুর্নিশ জানিয়ে ভবিষ্যতে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি তুললেন অভিনেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিনেতা Rahul Arunoday Banerjee-এর অকালপ্রয়াণের ১০ দিনের বেশি কেটে গেলেও প্রশ্নের উত্তর মেলেনি। ঠিক কীভাবে মৃত্যু হলো, তা জানতে এখনও অপেক্ষায় পরিবার ও ইন্ডাস্ট্রি। এই আবহেই নীরবতা ভেঙে প্রথমবার সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করলেন তাঁর স্ত্রী Priyanka Sarkar—এক আবেগঘন বার্তায় তিনি শুধু শোক নয়, ভবিষ্যতের জন্য এক বড় বার্তাও তুলে ধরলেন।

গত কয়েকদিন ধরে কখনও তালসারিতে, কখনও টেকনিশিয়ান স্টুডিয়োর বৈঠকে—প্রিয়াঙ্কার একটাই লক্ষ্য, রাহুলের মৃত্যুর তদন্তে যেন কোনও ফাঁক না থাকে। তাঁদের ছেলে সহজ বড় হয়ে যেন বাবার মৃত্যুর প্রকৃত সত্য জানতে পারে—এই দায়বদ্ধতাই তাঁকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতদিন ক্যামেরার সামনে এলেও এই বিষয়ে মুখ খোলেননি তিনি। অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা তুলে ধরলেন।

Shamim Ahamed Ads

সম্প্রতি টলিপাড়ায় কর্মবিরতির দিন গোটা ইন্ডাস্ট্রি একজোট হয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন প্রিয়াঙ্কা। যে প্রযোজনা সংস্থার শুটিংয়ে গিয়ে রাহুলের মৃত্যু, সেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নেয় সবাই। সেই ঐক্যের ছবি তুলে ধরে তিনি লেখেন, “একই ভাবনা, একই ভালোবাসায় আমরা আজ এক পরিবার—এখানে কোনও বিভাজন নেই, কোনও ব্যক্তিগত স্বার্থ নেই।”

প্রিয়াঙ্কার কথায়, রাহুল শুধু একজন অভিনেতা ছিলেন না—কেউ তাঁকে সহকর্মী হিসেবে, কেউ লেখক হিসেবে, আবার কেউ মানুষ রাহুল হিসেবেই ভালোবেসেছেন। তাঁর মৃত্যু যেন গোটা ইন্ডাস্ট্রিকে এক সুতোয় বেঁধে দিয়েছে।

তবে শোকের মধ্যেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন ভবিষ্যৎ নিয়ে। তাঁর কথায়, এই মৃত্যু শুধু স্মৃতি হয়ে না থেকে পরিবর্তনের সূচনা করুক। “আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী, মৃত্যুর পর নিজের সম্মান ও মর্যাদার জন্য যেন কাউকে লড়াই করতে না হয়।”

উল্লেখ্য, ২৯ মার্চ রাহুলের মৃত্যুর খবর সামনে আসার পরই একটি সংক্ষিপ্ত পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা, যেখানে তিনি পরিবারের জন্য সময় ও ব্যক্তিগত পরিসরের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এবার তাঁর বার্তায় স্পষ্ট—শুধু শোক নয়, ন্যায়বিচার ও পরিবর্তনের দাবি নিয়েই এগোতে চান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত