নজরবন্দি ব্যুরোঃ গত আট দিনে সাত বার। মঙ্গলবার ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম। সাম্প্রতিক দরবৃদ্ধিতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রলের দাম বেড়ে হল লিটারপ্রতি ১০৯ টাকা ৬৮ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ৭০ পয়সা।
আরও পড়ুনঃ ব্যক্তিগত কারণে হাজিরা এড়ালেন অভিষেক, জানালেন ইডিকে
কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা। গত এক সপ্তাহে এই নিয়ে তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা ৮০ পয়সা। এদিকে রাজধানী দিল্লিতে সেঞ্চুরি হাঁকাল পেট্রল। এদিন ৮০ পয়সা বেড়ে পেট্রলের দাম হল ১০০ টাকা ২১ পয়সা ও ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে দাঁড়াল ৯১ টাকা ৪৭ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১৫ টাকা ৪ পয়সা ও ডিজেল বিকোচ্ছে ৯৯ টাকা ২৫ পয়সায়। লোকসভায় জিরো আওয়ারের সময় দাম বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন যে ক্রমবর্ধমান দামের ফলে সাধারণ মানুষ “তাদের পকেট লুট হওয়া” নিয়ে কষ্টে রয়েছে।
গত আট দিনে সাত বার! এবার দিল্লিতেও সেঞ্চুরি হাঁকাল পেট্রল
প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে গিয়েছে। তবে সেই সময় এদেশে দাম না বাড়লেও পাঁচ রাজ্যের ভোট মিটতেই জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। লাগাতার তেলের দাম বাড়তে থাকায় চরম সমস্যায় আমজনতা। কেন্দ্রকে নিশানা করছে বিরোধীরা। এদিকে এরাজ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে তৃণমূল।



