শিয়রে লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গেছে দিনক্ষণ। প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। এবার কংগ্রেস কর্মীদের সিপিএমের হয়ে প্রচার না করার নির্দেশ দিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ প্রসাদ। সম্প্রতি দলের হোয়াটস অ্যাপ গ্রুপে একটি দীর্ঘ মেসেজে এমনটাই উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর কমিশন, রাজ্যে আসছে দুজন স্পেশ্যাল অবজার্ভার
দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, দলের কেউ কেউ জেলার কংগ্রেস কর্মীদের ফোন নাম্বার সিপিএমের প্রার্থী এজেন্ট-এর কাছে পৌঁছে দিয়েছে। নির্বাচনের প্রাক্কালে দলের অন্দরে এমন গুপ্তচরবৃত্তির খবর আসায় রাজনৈতিক মহলে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁর কথায় এখনও দক্ষিণবঙ্গে কংগ্রেস কোন আসনে লড়বে তা নিশ্চিত নয়।

যতদিন না জোট সমঝোতার মিটিং সম্পুর্ণ হচ্ছে ততদিন কোন কংগ্রেস কর্মী যেন সিপিএমের পতাকা না ধরে। তাঁর বক্তব্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কংগ্রেসের সব জেলা সভাপতিরা এখন নিজেদের মধ্যে লড়ছে আর এই সুযোগে সিপিএম নানান ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এই মেসেজ ছড়িয়ে পড়ার পর বাম- কংগ্রেস নির্বাচনী জোট যে ঠিক কতটা দূর্বল তা প্রকাশ্যে এসেছে।

দলের সকলকে হোয়াটস অ্যাপ কংগ্রেস নেতার, সিপিএমের হয়ে প্রচারে নিষেধ
তবে এখনই রাজ্যের শাসকদল এই বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে রাজ্যের বিরোধীদল একে রাজ্যের জোটের অন্দরের কঙ্কালসার চেহারার প্রকাশ বলে মন্তব্য করেছে। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় বামেদের সঙ্গে কংগ্রেসের কথা চলছে। তবে কংগ্রেসের কথায় সিপিএম নাকি লেজে খেলাচ্ছে।



