নজরবন্দি ব্যুরো: কেন্দ্র সরকার গ্রাহকেরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা পান, সে জন্য নতুন বিধি আনল। সেই নতুন বিধিতে সব সময় বিদ্যুৎ পাওয়া, লোডশেডিং বা বিদ্যুতের মান খারাপ হলে গ্রাহককে ক্ষতিপূরণ, স্বচ্ছ বিদ্যুৎ বিল, গ্রাহকদের সব অভিযোগের মীমাংসা, প্রবীণদের বাড়িতে গিয়ে পরিষেবা,সময় বেঁধে কাজের কথা বলা হয়েছে।
আরও পড়ুন: বড়দিনের আগেই মিটবে সমস্যা, কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন মোদি


নতুন বিধির কথা সোমবার ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ। তাঁর দাবি, “এতে গ্রাহকদের অধিকার সুরক্ষিত হবে”।বহু দিন ধরেই বিদ্যুৎ আইনের সংশোধনী নিয়ে বিতর্ক চলছে। কেন্দ্র পুরনো আইন সংশোধন করতে চাইলেও, সংশ্লিষ্ট মহলের একাংশের অভিযোগ, ওই সংশোধনী আসলে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণের চেষ্টা। এ দিন নতুন বিধির কথা জানিয়ে সিংহ বলেন, ‘‘এতে গ্রাহকদের সুষ্ঠু, ভরসাযোগ্য ও উন্নত মানের বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে। নতুন সংযোগ, রিফান্ড ও অন্যান্য পরিষেবা সবই সময় বেঁধে হবে। ইচ্ছাকৃত ভাবে অধিকার খর্ব করা হলে বণ্টনকারী সংস্থার জরিমানা হবে। ’’
গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যে নতুন বিধি আনল কেন্দ্র সরকার, সহজে ব্যবসার পরিবেশ তৈরির ক্ষেত্রেও বিধিটি জরুরি, দাবি মন্ত্রীর। সিংহের দাবি, ‘‘সব রাজ্য ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলে বিধি তৈরি হয়েছে। এতে কোনও রাজ্যের সমস্যা হবে না। কারণ, তারা বিদ্যুৎ সরবরাহ করে না, সরকারি বা বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থা করে। ’’ তিনি এই বিধি সব রাজ্য মানবে এবং বিজ্ঞপ্তি জারির পরেই বাস্তবায়িত হবে বলেও জানান।







