নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের রামপুরহাটের তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট। বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, সরকারকে বদনাম করতে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে।


বিধানসভায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক ৷ যেকোনও মৃত্যুই দুঃখজনক । কোনও মৃত্যুতেই সমর্থন করে না রাজ্য সরকার। কী কারণে এই ঘটনা ঘটল ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে ৷ এদিন আশ্বাস দিয়ে জানিয়েছেন, তৃণমূলের উপপ্রধানকে প্রথমে খুন এবং তার পর বাড়িতে আগুন দিয়ে বেশ কয়েকজনকে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের কঠোর শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার৷
একইসঙ্গে এই ঘটনায় যাঁরা আক্রান্ত হয়েছেন বা যাঁদের ক্ষতি হয়েছে সেই সমস্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার । দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী । ’রাজ্য সরকারের ভাবমূর্তি খর্ব করতে এই বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে । এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে বলে দাবী করেন তিনি।
বিধানসভায় ইনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উপস্থিত হয়েছেন রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিজে খোঁজ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট এলাকায় যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।


সরকারকে বদনাম করতে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র, উত্তপ্ত রামপুরহাট

মঙ্গলবার রামপুরহাটের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত মজুমদার বলেন, উনি আশ্বস্ত করেছেন, ৭২ ঘণ্টার মধ্যে উনি রিপোর্ট নেবেন। এরপর কেন্দ্রের অফিসারদের পাঠাবেন। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেই থাকে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থতি খতিয়ে দেখার জন্য বিশেষ টিম উপস্থিত হবে।







