আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকে আজ নবান্ন অভিযান। আজকের নবান্ন অভিযান ঘিরে বাড়ছে উত্তাপ। পুলিশি তৎপরতা তুঙ্গে। নবান্ন ঢোকার সমস্ত রাস্তায় ব্যারিকেড। সকাল থেকে এলাকায় টহল হাওড়ার সিপি-র। নবান্নে ঢোকার ৩ রাস্তাতেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে এই অভিযানকে অবৈধ বলল নবান্ন। রাজনৈতিক কর্মসূচি বলেই মনে করছেন শাসক দল।
যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। অন্যদিকে পুরো কর্মসূচি অরাজনৈতিক এমনটাই দাবি ছাত্রসমাজের আহ্বায়কদের। গতকাল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ প্রেস কনফারেন্স বলেন, “নবান্ন পৌঁছে বাইরে থেকে ঘিরে স্লোগান দেবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ” পাশাপাশি আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের মিছিলের রুট – সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্ন। অন্য মিছিলের রুট – কলেজ স্কোয়ার থেকে শুরু করে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্ন। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের জমায়েত শুরু হবে হাওড়া স্টেশন থেকে। শহিদ মিনার থেকেও শুরু হতে পারে যৌথ মঞ্চের মিছিল।


কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। দুটি কর্মসূচির অনুমতি না দিলেও, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। দেওয়া হয়েছে বিশাল গার্ডরেল। এমনকি কথাও কথাও রাস্তা খুরে ঢালাই করে দেওয়া হয়েছে ব্যারিকেড। মজুত রাখা হয়েছে কাদানে গ্যাস ও জলকামান।







